অবশেষে মুক্তির জন্য ভারত সরকারের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃৃভূমি’। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি। ‘মাতৃভূমি’ সিনেমাটি প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হয়েছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।
২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘাতের ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদনের অপেক্ষায় ছিল। সেই জট এবার খুলল।
সিনেমাটির বিষয়বস্তু ও চীনের প্রসঙ্গ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে আপত্তি জানিয়েছিল। বিশেষ করে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়ে সিনেমাটি নিয়ে কিছু সংশোধনের প্রয়োজন হয়। এ কারণে মুক্তিও পিছিয়ে যায়। গত সপ্তাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাটির নতুন সংস্করণে অনুমোদন দিয়েছে।
‘মাতৃভূমি’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ১৩ নভেম্বর মুক্তি পেতে পারে সিনেমাটি।
সময়ের আলো/প্রিন্ট/এমকে