বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণে আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণে রাজনৈতিক ক্ষোভ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।
বিমানবন্দরের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ট্রলি পাওয়া যায় না এবং লাগেজ পেতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এসব অনিয়ম নিয়ে আখতারুজ্জামান কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন। পরে তাকে কেন্দ্র করে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে, সেটি জামিনযোগ্য। এরপরও আদালতে তার জামিন নামঞ্জুর হয়েছে। এর পেছনে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিমানবন্দরের ঘটনার পর মধ্যরাতে সংশ্লিষ্ট মন্ত্রী সেখানে গিয়ে জাতির সামনে ঘটনার বিষয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। তার দাবি, অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং যে কর্মকর্তা পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তাকে দিয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করানো হয়েছে।
আখতারুজ্জামানকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করার সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি। ৭৫ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হলেও কারাগারে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আখতারুজ্জামানের ডিভিশন পাওয়ার বিষয়টি আদালতে গেজেটসহ উপস্থাপন করা হয়েছে। এরপরও তাকে ডিভিশন দেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত কারাগারে আদেশ পাঠানোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, আদালতে বিএনপির আইনজীবীরা ‘মব’ সৃষ্টি করে আখতারুজ্জামানের আইনজীবী, নেতাকর্মী ও স্বজনদের ওপর হামলা করেছেন। এমন ঘটনা আদালতের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে দেশ-বিদেশে প্রতিক্রিয়া তৈরি হয়েছে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছে। তাকে মুক্তি দেওয়া না হলে রেমিট্যান্স ‘শাটডাউন’ করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সবকিছু বিবেচনায় নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানান গোলাম পরওয়ার।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে