এমপিও জটিলতায় ৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এমপিওভুক্তি, বকেয়া বেতন পরিশোধ, এমপিও বন্ধ ও ছাড়করণসহ বিভিন্ন জটিলতা নিয়ে ৩৫টি আবেদন-মামলার শুনানি হবে আগামী ৭ অক্টোবর। শুনানিতে সংশ্লিষ্টদের

2026-10-05T04:46:39+00:00
2026-10-05T04:46:39+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
এমপিও জটিলতায় ৩৫ শিক্ষক-কর্মচারীকে শুনানিতে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
এমপিওভুক্তি, বকেয়া বেতন পরিশোধ, এমপিও বন্ধ ও ছাড়করণসহ বিভিন্ন জটিলতা নিয়ে ৩৫টি আবেদন-মামলার শুনানি হবে আগামী ৭ অক্টোবর। শুনানিতে সংশ্লিষ্টদের নিয়োগ ও চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রোববার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি অনুযায়ী, ৭ অক্টোবর সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ভবন-৩-এর ষষ্ঠ তলায় এ শুনানি অনুষ্ঠিত হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটি এ শুনানি নেবে। সংশ্লিষ্টদের নিয়োগ ও চাকরিসংক্রান্ত তথ্য যাচাই করে এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধ বা ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুনানির আয়োজন করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, শুনানিতে সংশ্লিষ্টদের বক্তব্যের সমর্থনে যুগ্মসচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর করা আবেদন, সূচিপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে আনতে হবে।

শুনানির তালিকায় দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রভাষক, অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, সহকারী গ্রন্থাগারিক, অফিস সহকারী, অফিস সহায়ক, আয়া, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।

তালিকায় লালমনিরহাটের আনন্দবাজার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সরকার, কুমিল্লার আলেকান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রেজাউল করিম, বগুড়ার জামথল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান এবং চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উপকূলীয় (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ জাকিরের নাম রয়েছে।


এ ছাড়া দেশের বিভিন্ন জেলার আরও শিক্ষক-কর্মচারী এ শুনানির আওতায় রয়েছেন। তালিকায় সদ্য জাতীয়করণ হওয়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর নামও রয়েছে। এর মধ্যে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, রাউজান কলেজ ও কয়েকটি সরকারি আদর্শ কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্টদের শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে উপস্থাপিত নথি ও নিয়োগসংক্রান্ত তথ্য যাচাইয়ের পর এমপিওভুক্তি, বকেয়া পাওনা, এমপিও বন্ধ বা ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল কমিটি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এমপি  জটিলতা  শিক্ষক  কর্মচারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: