কুমিল্লার সদর দক্ষিণে একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সদর দক্ষিণের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।
সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির জানান, খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। অগ্নিনির্বাপণের সময় ফুয়াদ হোসেন (২৪) নামে এক ফায়ার ফাইটার আহত হন। পরে তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দীন বলেন, আহত ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ অথবা কোনো কারিগরি ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের আলো/এসএকে