আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। সোমবার (৫ অক্টোবর) তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠক অনুষ্ঠিত হবে।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত এই কমিটির বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির অংশ নেবেন।
তুরস্কের পক্ষে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারোগ্লু।
বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং মক্কা চুক্তির আওতায় চলমান সহযোগিতা পর্যালোচনা করা হবে। পাশাপাশি তিন দেশের জোটকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি নিয়ে আলোচনা হতে পারে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে পারেন। সম্প্রতি হুথিদের হামলার পর সৌদি আরবের পাশে থাকার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যপথে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা রয়েছে তার।
আঞ্চলিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করাকে অগ্রাধিকার দেওয়ার কথাও তুলে ধরবেন ফিদান। একই সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে—এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানাতে পারেন তিনি।
গত ৭ আগস্ট মক্কায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তির লক্ষ্য তিন দেশের সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা সংকটের আঞ্চলিক সমাধান এগিয়ে নেওয়া।
চুক্তির আওতায় গঠিত এসপিডিসির প্রথম বৈঠক গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং রিয়াদে এর সচিবালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সময়ের আলো/জেডি