তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সোমবার (৫ অক্টোবর) কলকাতায় দলটির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি।
মুরলীধর লেনে বিজেপির সদর দফতরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীর হাত থেকে দলের পতাকা তুলে নেন কোয়েল। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পেতেই বিজেপিতে যোগ দিয়েছেন।
কোয়েল মল্লিক বলেন, ‘আমি সম্মানিত। বড় দায়িত্ব পেয়েছি। মানুষের সেবা করা ধর্ম, সেটাই আনন্দের সঙ্গে করব।’
রাজ্যে গত কয়েক মাসে উন্নয়নের কাজ শুরু হওয়ায় তিনি আপ্লুত বলেও জানান। তার ভাষায়, ‘শেষ কয়েক মাসে যেভাবে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ শুরু হয়েছে, তা দেখে আমি আপ্লুত। রাজ্যে এটাই দরকার। বাড়িতে বাবাকে সব সময় বলতে শুনেছি, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে না রাজ্যে।’
সাধারণ মানুষের নানা প্রত্যাশা ও সমস্যার কথা এবার সরাসরি তুলে ধরতে চান বলেও জানান অভিনেত্রী। তিনি মনে করেন, সংবাদপত্র পড়ে কোনো বিষয় নিয়ে মন্তব্য করার চেয়ে মাঠে নেমে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ।
বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে কোয়েল বলেন, রাজ্যের উন্নয়ন এবং মানুষের ভালো থাকাই তার প্রধান প্রত্যাশা। একই সঙ্গে কর্মসংস্থান বাড়ানো, আরও স্কুল প্রতিষ্ঠা এবং শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি। সুবিধাবঞ্চিত মানুষের জন্যও কাজ করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে কোয়েল বলেন, ‘আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তারাই আমাকে বেছে নিয়েছেন।’
এর আগে তৃণমূলের আমলে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়া কোয়েল মল্লিক পালাবদলের পর পদত্যাগ করেন। পরে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়। এবার বিজেপিতে যোগ দিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন তিনি।
সময়ের আলো/এমকে