ফ্লাইদুবাইয়ের যে কো-পাইলট বিমানের ককপিটে ক্যাপ্টেনকে হামলা করেছিলেন, তাকে নিয়ে আগেই সতর্ক ছিল ওমানের কর্তৃপক্ষ। কিন্তু পরে কীভাবে তিনি অন্য একটি এয়ারলাইনে চাকরি পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ওমানের কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তির নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বা ফ্লাইদুবাই এখনও তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ওমানি কর্মকর্তাদের দাবি, হামামি একসময় ওমানের একটি এয়ারলাইনে প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করেছিলেন। তখন তার ইন্টারনেট ব্যবহারের ওপর নজরদারিতে উগ্রপন্থী ওয়েবসাইট ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্টের প্রতি তার আগ্রহের বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে ওমানে বিমান চালনার পেশায় এগিয়ে যেতে দেওয়া হয়নি।
তবে পরে তিনি কীভাবে অন্য জায়গায় বিমান চালানোর চাকরি পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে ওমান।
ঘটনাটি ঘটে ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে। দুবাই থেকে তেলআবিব যাওয়ার সময় কো-পাইলট ককপিটের ভেতরে ক্যাপ্টেনের ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটিকে সন্ত্রাসী হামলার চেষ্টা হিসেবে তদন্ত করছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল।
ওমানের কর্মকর্তারা আরও প্রশ্ন তুলেছেন, হামামিকে এই ফ্লাইটের কো-পাইলট হিসেবে দায়িত্ব দেওয়ার আগে তার বিষয়ে ওমানের কাছ থেকে নিরাপত্তা তথ্য নেওয়া হয়েছিল কি না।
তাদের ভাষায়, কোথাও বড় ধরনের ভুল হয়েছে।
তবে এই ঘটনায় কোনো নির্দিষ্ট এয়ারলাইন, সরকারি সংস্থা বা কর্তৃপক্ষকে দায়ী করেনি ওমান। তদন্তের মাধ্যমে কীভাবে ওই ব্যক্তি ফ্লাইটে কো-পাইলট হিসেবে দায়িত্ব পেলেন, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ