আলোচনা ব্যর্থ, ইমরান খানের সমর্থকদের ফের রাজপথে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ফের রাজপথে নেমেছেন তার সমর্থকেরা। পাকিস্তান সরকার ও ইমরান খানের দল

2026-10-05T20:02:32+00:00
2026-10-05T20:02:32+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আলোচনা ব্যর্থ, ইমরান খানের সমর্থকদের ফের রাজপথে মিছিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম 
ফের রাজপথে নেমেছেন কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা। সংগৃহীত ছবি
কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ফের রাজপথে নেমেছেন তার সমর্থকেরা। পাকিস্তান সরকার ও ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নতুন করে বিক্ষোভ মিছিল শুরু করেছে দলটি।

রোববার (৪ অক্টোবর) শুরু হওয়া এ কর্মসূচিতে ৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। মিছিলটি প্রথমে ২৭ সেপ্টেম্বর আয়োজনের কথা থাকলেও সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনার সুযোগ দিতে তা ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। তবে দুই দফা আলোচনা ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়েই কর্মসূচি শুরু করে পিটিআই।  

আলোচনা থেকে কোনো সমাধান না আসায় ইমরান খানের মুক্তির দাবিতে পূর্বঘোষিত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। পিটিআইয়ের দাবি, সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, এসব মামলার বেশ কয়েকটির সাজা আপিলের পর স্থগিত কিংবা বাতিল হয়েছে।

পিটিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের মিছিল ও গাড়িবহর নিয়ে কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে। 

প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আগেই জানিয়েছিলেন, ইমরান খানের সমর্থনে আন্দোলন অব্যাহত থাকবে। তার দেওয়া তথ্য অনুযায়ী, মিছিলটি বৃহস্পতিবার ইসলামাবাদের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত খাইরাবাদে পৌঁছানোর কথা। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


ইসলামাবাদে কড়াকড়ি

ইমরান সমর্থকদের ইসলামাবাদমুখী মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিপিং কনটেইনার বসিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি পিটিআই নেতাদের রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আইন অমান্য করে বিক্ষোভ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নাকভি বলেন, ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রাজধানীর সড়ক, মহাসড়ক ও সরকারি স্থাপনা দখল করে কোনো রাজনৈতিক দল বিক্ষোভ করতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে দলের নেতা-কর্মী— সবার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ

এদিকে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পিটিআই। বিশেষ করে তার ডান চোখের চিকিৎসার জন্য কয়েক মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন বলে জানিয়েছে দলটি।

এর পাশাপাশি গত মাসে গ্রেপ্তার হওয়া ইমরান খানের তিন বোনের মুক্তির দাবিও জানিয়ে আসছে পিটিআই।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ফেলো জেমস ডরসির মতে, ইমরান খানের এখনো উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। এ কারণেই তার সমর্থকদের ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তবে তার বিশ্লেষণ অনুযায়ী, এই আন্দোলন পাকিস্তান সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হলেও তা সরকারের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি নয়। 


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ইমরান খান  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: