ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার (৫ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেবেন। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সঙ্গে থাকবেন চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে সৌদি আরবে হুতিদের হামলা এবং তিন দেশের মধ্যে চলমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।
বৈঠকে যোগ দিতে ইসহাক দার ইতোমধ্যে রিয়াদে পৌঁছেছেন। এর আগে তিনি মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকে শ্রদ্ধা নিবেদন ও নামাজ আদায় করেন।
গত সপ্তাহে ইসহাক দার জানিয়েছিলেন, সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এদিকে রোববার থেকে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন সরকারের বাহিনী হুতিদের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলে সামরিক অভিযান জোরদার করেছে। হুতিদের দাবি, সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় কয়েক ডজন হামলা চালিয়েছে। এর জবাবে তারা রিয়াদের দক্ষিণে সৌদি তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির মূল লক্ষ্য হলো তিন দেশের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এর আওতায় কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতিও রাখা হয়েছে।
চুক্তির পর এসপিডিসির প্রথম বৈঠক ৩১ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম তিন বছর জোটের সচিবালয়ের দায়িত্ব পাকিস্তানের হাতে রাখার সিদ্ধান্ত হয়। পরে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে জোটের প্রথম মহাসচিব করা হয়।
এর আগে ২৫ সেপ্টেম্বর হুতি হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে তিন দেশের সামরিক প্রধানদের মধ্যে আরেকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজন হলে ‘যেকোনো পর্যায় পর্যন্ত’ সহযোগিতা করার প্রস্তুতির কথাও জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
সময়ের আলো/ইউএমএইচ