লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-২৯৫ ফ্লাইটটি আয়ারল্যান্ডের আকাশে জরুরি সংকেত পাঠানোর পর দ্রুত উচ্চতা কমিয়ে আবার যুক্তরাজ্যের দিকে ফিরে গেছে।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি আন্তর্জাতিক জরুরি সংকেত ‘স্কোয়াক ৭৭০০’ চালু করে। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানটি প্রায় ৩৭ হাজার ফুট থেকে নেমে ৯ হাজার ফুট উচ্চতায় চলে আসে।
‘স্কোয়াক ৭৭০০’ হলো বিমানের সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত আন্তর্জাতিক ট্রান্সপন্ডার সংকেত। তবে ঠিক কী কারণে বিমানটিতে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনো জানা যায়নি।
বিমানটি ছিল বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের। শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে নির্ধারিত সময় ছিল প্রায় ৮ ঘণ্টা ৪০ মিনিট। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর বিমানটি ৩৭ হাজার ফুট উচ্চতায় ওঠে। এরপর কোনো সমস্যার কারণে জরুরি সংকেত চালু করে দ্রুত নিচে নামতে শুরু করে।
৯ হাজার ফুটে নেমে যাওয়ার পর বিমানটি শিকাগোর দিকে না গিয়ে যুক্তরাজ্যের দিকে ঘুরে যায়। পরে ওয়েলসের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ওপর দিয়ে উড়ে ইংলিশ চ্যানেলের কাছে কয়েকবার চক্কর দেয় এবং শেষ পর্যন্ত লন্ডনের দিকে ফিরে যায়।
বিমানটির এভাবে চক্কর দেওয়ার একটি সম্ভাব্য কারণ হতে পারে জ্বালানি ব্যবস্থাপনা। উড্ডয়নের পর দ্রুত ফিরে আসতে হলে অবতরণের আগে বিমানের ওজন কমানোর প্রয়োজন হতে পারে। এজন্য কিছু সময় আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়ানো হয়। তবে বিএ-২৯৫ জ্বালানি ফেলে দিয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।
বিমানটির জরুরি পরিস্থিতির প্রকৃত কারণ এখনো প্রকাশ করা হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ