মেসির বিদায়ক্ষণে মনুমেন্টালে অন্যরকম আয়োজন

ক্রীড়া ডেস্ক

খেলা

একটি ম্যাচ ঘিরে এতটা আবেগ খুব কমই দেখা যায়। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুধবার বেনিনের বিপক্ষে যখন মাঠে নামবেন লিওনেল

2026-10-05T23:08:50+00:00
2026-10-05T23:08:50+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
খেলা
মেসির বিদায়ক্ষণে মনুমেন্টালে অন্যরকম আয়োজন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৮ পিএম 
লিওনেল মেসি। সংগৃহীত ছবি
একটি ম্যাচ ঘিরে এতটা আবেগ খুব কমই দেখা যায়। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুধবার বেনিনের বিপক্ষে যখন মাঠে নামবেন লিওনেল মেসি, তখন আর্জেন্টিনার জার্সিতে তাকে শেষবার দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটির আগে রোজারিওতে দুই দিন কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি আকাশি-সাদা জার্সি। জার্সির মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। তার নাম ও ১০ নম্বর লেখা হয়েছে সোনালি রঙে। ম্যাচ শেষে এই জার্সি মেসির ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করার কথা রয়েছে।

জাতীয় দলের ক্যাম্পে মেসির ফেরার মুহূর্তটিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছে এএফএ। কয়েকটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিনিয়র টিমে স্বাগত, অধিনায়ক।’ সঙ্গে ছিল ‘ভরপুর রোমাঞ্চ’ বার্তাও। পরে বল পায়ে অনুশীলনের ছবিও প্রকাশ করা হয়। দীর্ঘদিনের সতীর্থদের সঙ্গে মেসির শেষ প্রস্তুতিও তাই আলাদা আবেগ তৈরি করেছে।

চলতি ফিফা উইন্ডোর প্রথম দুই ম্যাচে মেসিকে ছাড়াই খেলেছে আর্জেন্টিনা। বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে দলের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অপেক্ষার অবসান হচ্ছে। তবে এবারের ফেরাটা অন্য সব প্রত্যাবর্তনের চেয়ে আলাদা, জাতীয় দলের জার্সিতে এটিই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ।


মেসিকে ছাড়াই অনুশীলনে নেমেছিল আর্জেন্টিনা। পরে শেষবারের মতো অনুশীলনে যোগ দেন এলএমটেন। শেষ প্রস্তুতিতে মেসিকে ঘিরে স্বাভাবিকভাবেই ছিল বাড়তি আগ্রহ। সতীর্থদের সঙ্গে মাঠে তার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। দীর্ঘদিনের সঙ্গীদের সঙ্গে শেষ অনুশীলনও তাই হয়ে উঠেছে স্মৃতির অংশ। এখন অপেক্ষা সেই রাতের, যখন মনুমেন্টালের মাঠে শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে দেখা যাবে মেসিকে।

মেসির বিদায় ম্যাচের আগে আবেগাপ্লুত আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বিদায়লগ্নকে বিশেষ করে তুলতে চান। এনজো বলেন, ‘আমরা একসঙ্গে বারবিকিউ খাব, এই দিনগুলো ওর সঙ্গে উপভোগ করব। এটা ওর প্রাপ্য। আমরা চাই, ওর বিদায়টা হোক দারুণ, যেন সে সত্যিই উপভোগ করতে পারে।’

আর্জেন্টিনার ড্রেসিংরুমে মেসির বিদায়ের আবেগ থাকলেও প্রতিপক্ষ বেনিন নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে চায় না। দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রুগার ইউনাইটেডের গোলরক্ষক মার্সেল দঁজিনু পরিষ্কার করে দিয়েছেন, তারা শুধু মেসির বিদায়ী অনুষ্ঠান উপভোগ করতে আসেননি। তার ভাষায়, ‘আমরা আর্জেন্টিনায় পর্যটক হয়ে আসিনি; খেলতে এবং লড়াই করতেই এসেছি।’ এমনকি ম্যাচের শেষ মুহূর্তে মেসি পেনাল্টি পেলেও গোল উপহার দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। 

তবে প্রতিপক্ষ হলেও মেসির প্রতি দঁজিনুর শ্রদ্ধার কমতি নেই। তার কাছে মেসি ফুটবলের জীবন্ত কিংবদন্তি। ছোটবেলা থেকে টেলিভিশনে মেসির খেলা দেখে বড় হয়েছেন তিনি। এবার সেই কিংবদন্তির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার সুযোগকে ক্যারিয়ারের বিশেষ অভিজ্ঞতা হিসেবেই দেখছেন বেনিনের এই গোলরক্ষক। দলের প্রায় সবাই মেসির জার্সি পাওয়ার প্রত্যাশায় আছেন বলেও জানিয়েছেন তিনি।

মেসিকে ঘিরে শুধু মাঠের আয়োজনই নয়, দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে তীব্র আগ্রহ। মনুমেন্টালের প্রায় ৮৫ হাজার আসন ভরে যাওয়ার অপেক্ষা। গ্যালারিতে থাকবে আর্জেন্টিনার পতাকা, মেসির নাম লেখা ব্যানার আর ১০ নম্বর জার্সি। দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর এমন মুহূর্তের সাক্ষী হতে সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।

২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমাসহ একের পর এক সাফল্যে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের অধ্যায় লিখেছেন তিনি। জাতীয় দলের হয়ে ২০০-এর বেশি ম্যাচে করেছেন ১২৫ গোল, সঙ্গে আছে অসংখ্য অ্যাসিস্ট ও স্মরণীয় মুহূর্ত। ২০২২ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিল তার সবচেয়ে বড় স্বপ্নও।

মেসির বিদায়ের সঙ্গে শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবলের একটি স্বর্ণালি অধ্যায়। তার পর কে পরবেন ঐতিহাসিক ১০ নম্বর জার্সি, কে ধরবেন অধিনায়কের আর্মব্যান্ড—এসব প্রশ্নের উত্তর খুঁজবে ভবিষ্যৎ। আপাতত অবশ্য এসব ভাবনার সময় নয়। কারণ সামনে যে রাত, সেটি শুধু একটি ম্যাচের রাত নয়; এটি মেসিকে শেষবার আকাশি-সাদা জার্সিতে দেখার রাত।

সব আয়োজন, আবেগ আর স্মৃতির শেষে তাই অপেক্ষা সেই মুহূর্তের। মনুমেন্টালের প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে বুধবার শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি। বাঁশি বাজার পর হয়তো ম্যাচের উত্তেজনা থাকবে, থাকবে বেনিনের প্রতিরোধও। কিন্তু সবকিছুর আড়ালে গ্যালারির চোখ থাকবে একজনের দিকেই, লিওনেল মেসি।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   মেসি  মনুমেন্টাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: