কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করছ। সোমবার (৫ অক্টোবর) টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম ও মৃত সখিনা খাতুনের ছেলে।
বিজিবি জানায়, রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ আভিযানিক দল টেকনাফের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় অবস্থান নেয়।
দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। রাত আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ আভিযানিক দল তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আতা