চীনা সরকারের নির্দেশে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার নারীকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। গ্রেফতার নারীর নাম ওয়ানয়িং ঝাং (৩৪)। তিনি হেদার নামেও পরিচিত।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনে পালিয়ে যাওয়ার সময় ঝাংকে গ্রেফতার করা হয়। মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিবন্ধন ছাড়াই বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে।
এফবিআই জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার আরভিনের বাসিন্দা ঝাং তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে লাই টিং-ইউ ও তার পরিবারের ওপর সিয়াটলে গোপনে নজরদারি চালিয়েছিলেন।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে চীনা কর্মকর্তাদের নির্দেশে সিয়াটলে গিয়ে তিনি লাই টিং-ইউ ও তার পরিবারের ছবি, ভিডিও এবং গাড়ির নম্বর প্লেট সংগ্রহ করে বেইজিংয়ে পাঠান।
ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিল এসাইলি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে ঝাং পেশাদার গোপন কৌশল ব্যবহার করতেন। তবে, বিদেশি কোনো সরকারের হয়ে কাজ করার বিষয়টি তিনি কখনোই মার্কিন প্রশাসনকে জানাননি।
এ ঘটনায় ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ও তাইওয়ানের প্রতিনিধি কার্যালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে ও তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি চীনের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ানের স্বাধীন সত্তার পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওয়াশিংটন দ্বীপরাষ্ট্রটির অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী।
সূত্র : সিবিএস নিউজ
সময়ের আলো/মহু