মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূইচিত্র এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রথমে একটি অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন ( ৪০) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।
এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখতে গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। নিহতের পকেট থেকে উদ্ধার করা ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
সময়ের আলো/মহু