ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন থেকে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সদর দফতরের দিকে মিছিল শুরু করেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের নেতারা। ভোট চুরি এবং ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানোর পাশাপাশি বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়।
বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কারণে ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে দেশজুড়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করছে তারা।
এসআইআর নিয়ে উদ্বেগ জানাতে ইন্ডিয়া ব্লকের নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন বলেও জানিয়েছে দ্য হিন্দু।
গত ৩০ সেপ্টেম্বর ১৯টি বিরোধী দলের বৈঠকের পর এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।
সময়ের আলো/এমকে