চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জুলাই আন্দোলনে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শিবলু উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে করা ওই মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয়। শিবলু এ মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।
এ ছাড়া, আনোয়ারা থানায় এক মাদ্রাসাশিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফা হামলার ঘটনায় করা মামলায়ও শিবলুকে ১ নম্বর আসামি করা হয়েছে। সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মোবাইল ফোন ছিনতাই ও হেনস্তার অভিযোগও রয়েছে তার ও সহযোগীদের বিরুদ্ধে।
আরও পড়ুন
মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু
স্থানীয়দের অভিযোগ, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি এলাকায় ফিরে একটি কিশোর গ্যাং গড়ে তোলেন। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেতেন না বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতার শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ থাকতে পারে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।
সময়ের আলো/আতা