ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, সংরক্ষণ ও অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগে ডলফি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়, এ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ফেনীর ‘ডলফি আইসক্রিম’ ও ‘সনি আইসক্রিম’ কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ডলফি আইসক্রিম কারখানায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া খাদ্য কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং কর্মীদের স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়ও পরিলক্ষিত হয়। এসব অপরাধে এ প্রতিষ্ঠানকে কারখানাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অপরদিকে, সনি আইসক্রিম কারখানায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন অসংগতি পাওয়া গেলে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। একই সঙ্গে অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা