গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকীর আগে গাজায় চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে গাজায়

2026-10-06T23:00:01+00:00
2026-10-06T23:00:01+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান গুতেরেসের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:০০ পিএম 
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংগৃহীত ছবি
ইসরাইলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকীর আগে গাজায় চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে গাজায় ব্যাপক পরিসরে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছেন তিনি। 

সোমবার দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, এখন যুদ্ধবিরতিকে স্থায়ী করার সময়। পাশাপাশি তিনি গাজার মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর রাজনৈতিক পথ তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তার মতে, ৭ অক্টোবরের বার্ষিকী যেন কেবল আরেকটি শোকের অধ্যায় হয়ে না থাকে; বরং ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করে এমন একটি ভবিষ্যৎ নির্মাণের নতুন অঙ্গীকারের সূচনা হওয়া উচিত।

বিবৃতিতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি ও বিদেশি নাগরিকদের প্রাণহানির কথাও তুলে ধরেন গুতেরেস। ওই হামলাকে তিনি ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করে বলেন, এতে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।


অন্যদিকে গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগের কথাও তুলে ধরে তিনি বলেন, তারা ব্যাপক প্রাণহানি, বাস্তুচ্যুতি ও ধ্বংসের শিকার হয়েছেন। তাদের এই দুর্ভোগেরও অবসান হওয়া জরুরি।

তবে গুতেরেস তার বিবৃতিতে গাজায় ফিলিস্তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরাইলের সামরিক অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ২০০ ছাড়িয়েছে। মন্ত্রণালয়টি হামাস-নিয়ন্ত্রিত হলেও জাতিসংঘ এর পরিসংখ্যানকে সাধারণত নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

গুতেরেস আরও বলেন, ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছিল। তবে তার মতে, এই উদ্যোগ এখনও গাজার নিরাপত্তা, পর্যাপ্ত মানবিক সহায়তা এবং পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য একটি বিশ্বাসযোগ্য পথ নিশ্চিত করতে পারেনি।

এদিকে ইসরাইল এখনও গাজার বড় অংশ নিয়ন্ত্রণ করছে। দেশটির অবস্থান হলো, হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   গাজা  স্থায়ী যুদ্ধবিরতি  গুতেরেস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: