শেষবারের মতো আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মাঠে নেমেছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে গোল ও দুটি অ্যাসিস্টে দলকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন ফুটবলের এই মহাতারকা। মেসির এই আবেগঘন বিদায় ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকাদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার বিদায়ে আবেগ ও স্মৃতি ভাগ করে নিয়েছেন তারা।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়ত শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’
চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’
তিনি আরও লিখেন, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়ত কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’
ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির বিদায়ী মুহূর্তে নিজের আবেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের সোনালি যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
সময়ের আলো/মহু