নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সম্ভাব্য সফরসহ দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠক হয়ে থাকতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান জানাতেই হাইকমিশনারের এই সফর বলে ধারণা করা হচ্ছে। তবে, হাইকমিশনারের এই সফর বা প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক নিয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে, সোমবার পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো বলেননি যে, তিনি ভারত সফর করবেন না। ভারতের হাইকমিশনার এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা করছি, দিল্লি তার মতামতকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।’
সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদীর বৈঠকের আগে উভয় পক্ষের যথাযথ প্রস্তুতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে বৈঠক আয়োজন করে কোনো লাভ নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে-বাণিজ্য, ব্যবসা, পানিসহ অনেক বিষয়। আমরা ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত ইতিবাচক।’
সময়ের আলো/মহু