সংসারের পাশে ক্যারিয়ার

নিবেদিতা দাস

ফিচার

সংসার, সন্তান ও পেশাজীবন একসঙ্গে সামলানোর বাস্তবতায় অনেক নারীর ক্যারিয়ারে আসে বিরতি। তবে বাধা কি বিয়ে, নাকি বিয়ে ঘিরে তৈরি

2026-10-07T16:43:49+00:00
2026-10-07T16:43:49+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
ফিচার
নারীর লড়াই
সংসারের পাশে ক্যারিয়ার
নিবেদিতা দাস
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
সংসার, সন্তান ও পেশাজীবন একসঙ্গে সামলানোর বাস্তবতায় অনেক নারীর ক্যারিয়ারে আসে বিরতি। তবে বাধা কি বিয়ে, নাকি বিয়ে ঘিরে তৈরি হওয়া সামাজিক প্রত্যাশা?

একসময় মেয়েদের ক্যারিয়ার নিয়ে ভাবনাটা অনেক পরিবারেই ছিল বিয়ের আগপর্যন্ত। চাকরি করবেন, নিজের পায়ে দাঁড়াবেন, ভালো ক্যারিয়ার গড়বেন, তারপর বিয়ে ও সংসারকে অগ্রাধিকার দেবেন। সময় বদলে গেছে, এখন অনেক নারী বিয়ের পরও চাকরি, ব্যবসা কিংবা নিজের পেশাগত পরিচয় ধরে রাখতে চান। তবে বাস্তবতা সবসময় তাদের পরিকল্পনার সঙ্গে মেলে না।

বিয়ের পর নতুন পরিবার, সংসারের দায়িত্ব, সন্তান, শ্বশুর-শাশুড়ির দেখাশোনা কিংবা পারিবারিক নানা প্রত্যাশা সামলাতে গিয়ে অনেক নারীকে ক্যারিয়ার নিয়ে আপস করতে হয়। কারও ক্ষেত্রে কর্মস্থল বদলাতে হয়, কেউ চাকরি ছাড়েন, আবার কেউ দীর্ঘ বিরতির পর নতুন করে ক্যারিয়ার শুরু করার চেষ্টা করেন।

দায়িত্বের ভার কি শুধু নারীর?

বিয়ের পর সংসারের অধিকাংশ দায়িত্ব স্বাভাবিকভাবেই নারীর ওপর থাকে। এটি এখনও আমাদের সমাজে খুব পরিচিত গল্প। অফিসের কাজ শেষে রান্না, সন্তান দেখাশোনা, পরিবারের প্রয়োজন মেটানো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ঘরের নানা সিদ্ধান্তে সক্রিয় থাকা, সব মিলিয়ে নারীর ওপর তৈরি হয় ‘দ্বৈত দায়িত্বের’ চাপ।

ডিসিএর এডুকেশন কো-অর্ডিনেটর রোকসানা বেগম বলেন, ‘বিয়ের পর চাকরি করব, এটি আমার স্বামী ও পরিবার জানত। কিন্তু বাস্তবে অফিসের পাশাপাশি সংসারের প্রায় সব দায়িত্বও আমাকে সামলাতে হয়েছে। ফলে নিজের কাজের জন্য যে সময় ও মনোযোগ দরকার, সেটি দেওয়া কঠিন হয়ে পড়েছিল।’

ওয়ান ব্যাংকের সাবেক কর্মকর্তা নাজিয়া মামুন বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে স্বামীর আপত্তি ছিল না। কিন্তু সন্তান জন্মের পর কে বেশি সময় দেবে, এই প্রশ্নে শেষ পর্যন্ত আমাকেই চাকরিতে বিরতি নিতে হয়েছে। কারণ সমাজ এখনও ধরে নেয়, সন্তানের প্রাথমিক দায়িত্ব মায়ের।’


কর্মক্ষেত্রেও আছে বাস্তবতা

ক্যারিয়ারে বাধা শুধু পরিবার থেকে আসে না। কর্মক্ষেত্রের পরিবেশও অনেক সময় নারীর জন্য কঠিন হয়ে ওঠে। দীর্ঘ কর্মঘণ্টা, রাত পর্যন্ত অফিস, ঘন ঘন অফিস ট্যুর, মাতৃত্বকালীন ছুটি নিয়ে সমস্যা কিংবা পদোন্নতির ক্ষেত্রে পারিবারিক দায়িত্বকে বিবেচনায় নেওয়া নারীদের পেশাগত অগ্রগতিকে থামিয়ে দেয় অনেক সময়। তবে অনেক নারীই বিয়ের পর নতুনভাবে ক্যারিয়ার সাজানোর পথ খুঁজে নিচ্ছেন। কেউ উদ্যোক্তা হচ্ছেন, কেউ ফ্রিল্যান্সিং করছেন, কেউ আবার অনলাইনভিত্তিক কাজ বেছে নিচ্ছেন। এতে কর্মজীবনের পাশাপাশি পারিবারিক দায়িত্ব সামলানোর কিছুটা সহজ হচ্ছে।
সঙ্গীর সহযোগিতা বদলে দিতে পারে গল্প

বিয়ের পর নারীর ক্যারিয়ার টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পারিবারিক সহযোগিতা। সংসারকে যদি শুধু নারীর দায়িত্ব হিসেবে না দেখে দুজনের যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়, তা হলে নারীর জন্য ক্যারিয়ার ও পরিবার একসঙ্গে এগিয়ে নেওয়া অনেক সহজ হয়।

নারী উদ্যোক্তা ঝুমকি বসু বলেন, ‘আমার স্বামী সংসারের কাজ ও সন্তানের দায়িত্ব ভাগ করে না নিলে হয়তো আমি ব্যবসাটা চালিয়ে যেতে পারতাম না। আমার কাছে বিয়েটা কখনো ক্যারিয়ারের বাধা মনে হয়নি। বরং সঠিক সঙ্গী থাকলে বিয়ের পরও একজন নারী আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন।’

শিক্ষক তাসলিমা শাহপার বলেন, ‘বিয়ের পর মেয়েদের কাছে প্রায়ই প্রশ্ন করা হয়, “চাকরি করবেন তো?” কিন্তু একই প্রশ্ন পুরুষদের করা হয় না। সংসার দুজনের হলে ক্যারিয়ার নিয়েও সিদ্ধান্তটা দুজনের হওয়া উচিত।’

আসলে বিয়ে নিজের ক্যারিয়ারের বাধা নয়। বাধা তৈরি হয় তখনই, যখন একজন নারীর পেশাগত পরিচয়কে সংসারের তুলনায় কম গুরুত্বপূর্ণ মনে করা হয়। সন্তান নেওয়া, চাকরি বদলানো, কর্মস্থল নির্বাচন কিংবা ক্যারিয়ারে বিরতি, এসব সিদ্ধান্তে নারীর মতামতকে সমান গুরুত্ব দেওয়া জরুরি।

একটি সফল দাম্পত্যে যেমন পারস্পরিক সম্মান প্রয়োজন, তেমনি প্রয়োজন একে অন্যের স্বপ্ন ও পেশাগত পরিচয়ের প্রতি সম্মান। বিয়ের পর একজন নারী শুধু কারও স্ত্রী বা মা নন, তিনি একই সঙ্গে একজন পেশাজীবী, উদ্যোক্তা কিংবা নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা একজন মানুষ। সেই পরিচয়টুকু ধরে রাখার সুযোগ তৈরি করতে পারলেই বিয়ে ক্যারিয়ারের শেষ নয়, বরং জীবনের আরেকটি নতুন অধ্যায়ের শুরু।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সংসার  ক্যারিয়ার 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: