একদিন পরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট। ম্যাচের আগে তাই কন্ডিশন ও প্রস্তুতি নিয়ে কিছুটা ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
এই সফরে দুই ধাপে আবুধাবিতে পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দলের একাংশ ১ অক্টোবর দেশ থেকে আবুধাবিতে গেলেও এশিয়ান গেমস শেষে জাপান থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেন বাকিরা। জাপানের তুলনামূলক কম তাপমাত্রা থেকে হঠাৎ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের আবুধাবির গরমে মানিয়ে নেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এর সঙ্গে যোগ হয়েছে প্রস্তুতির ঘাটতি। দুবাইয়ের একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচে জাপান থেকে আসা ক্রিকেটাররা খেলতে পারেননি। ফলে তাঁদের অনুশীলনের সুযোগও হয়েছে সীমিত। সব মিলিয়ে অল্প প্রস্তুতি নিয়েই টেস্টে নামতে হচ্ছে দলকে।
বুধবার (৭ অক্টোবর) আবুধাবিতে অনুশীলনের ফাঁকে প্রধান কোচ ফিল সিমন্সও বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তবে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
সিমন্স বলেন, ‘এই মুহূর্তে এটাই একমাত্র সমস্যা। যারা জাপান থেকে এসেছে, সেখানে তেমন কিছু না করেই তাদের এই আবহাওয়ায় এসে দুই দিন কাটাতে হচ্ছে। তারা কীভাবে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, সেটাই দেখার বিষয়।’
তবে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার ওপর আস্থা রাখছেন বাংলাদেশের কোচ। তাঁর মতে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি অনেকটাই মানসিক।
সিমন্স বলেন, ‘শেষ পর্যন্ত এটা মানসিক ব্যাপারও। কীভাবে তারা নিজেদের মানিয়ে নেয়, সেটাই গুরুত্বপূর্ণ। আজ অবশ্য তাদের ভালোই মনে হয়েছে। গরমের মধ্যে প্রথম দিন হিসেবে তারা ভালো করেছে। তাই আমি নিশ্চিত, তারা দ্রুতই নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’
আফগানিস্তানের বিপক্ষে এর আগে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটিতে জয় পেলেও অন্যটিতে হেরেছে টাইগাররা। এবারও আফগানিস্তানের স্পিন আক্রমণ বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হতে পারে। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে দল।
আবুধাবির উইকেট নিয়ে সিমন্সের মূল্যায়ন, এটি কিছুটা ধীরগতির হতে পারে। তবে সার্বিকভাবে উইকেট ভালো বলেই মনে করছেন তিনি।
সিমন্স বলেন, ‘আমি উইকেট দেখেছি। ভালোই মনে হচ্ছে। একটু ধীরগতির হতে পারে, তবে ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমরা ভালো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি, বেশ কয়েকজন স্পিনারের বিপক্ষে আমাদের খেলতে হবে। সেসব মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি, আর প্রস্তুতিও ভালো হয়েছে।’
সময়ের আলো/কেএইচও