প্রথম ডেট মানেই রাতের খাবার কিংবা ককটেলের আড্ডা—ডেটিংয়ের প্রচলিত এই ধারণা বদলে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে অবিবাহিতদের মধ্যে প্রথমবার দেখা করার জন্য রাতের বদলে সকালের নাশতা বা কফির আড্ডার প্রতি আগ্রহ বাড়ছে।
কেলগসের এক জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৬৪ শতাংশ সিঙ্গেল প্রথম ডেট হিসেবে সকালের নাশতা বা কফির আড্ডাকে বেছে নিতে আগ্রহী। একই জরিপে অর্ধেকের বেশি অংশগ্রহণকারী জানিয়েছেন, আগের তুলনায় এখন ডেটিং করা কঠিন হয়ে উঠেছে।
ডেটিং অ্যাপ নিয়েও অসন্তুষ্টি রয়েছে অনেকের। জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ মানুষ মনে করেন, এসব অ্যাপ সম্পর্কের স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা কমিয়ে দিয়েছে। ফলে অনলাইনের বদলে সামনাসামনি সহজ ও স্বাভাবিক যোগাযোগের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে।
সকালের ডেটকে তুলনামূলক স্বস্তিদায়ক মনে করছেন অনেকে। জরিপে ৩১ শতাংশ সিঙ্গেল বলেছেন, সকালে প্রথমবার দেখা করলে মানসিক চাপ কম থাকে। একই সঙ্গে সময় ও খরচ—দুই দিক থেকেই এটি সুবিধাজনক।
যুক্তরাষ্ট্রের ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনায় এমিলি কমপাগনো বলেন, সকালের ডেট সাধারণত কম খরচের এবং সময়ও কম লাগে। ডানা পেরিনোর মতে, ডেট ভালো না হলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসা যায়। আবার ভালো জমে গেলে দিনের বাকি সময়টুকুও একসঙ্গে কাটানোর সুযোগ থাকে।
জরিপে ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, সকালের ডেট চাইলে দিনের বাকি অংশে স্বতঃস্ফূর্ত কোনো অ্যাডভেঞ্চারে পরিণত হতে পারে। রাত পর্যন্ত বাইরে থাকার বাধ্যবাধকতাও থাকে না। কাজ বা ব্যক্তিগত ব্যস্ততার কথা বলে সহজেই বিদায় নেওয়ার সুযোগ থাকে।
তবে সকালের ডেট জনপ্রিয় হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হয়ে উঠেছে ব্যয়। সাম্প্রতিক সময়ে ডেটিংয়ের খরচ বাড়ায় দামি ডিনারের বদলে তুলনামূলক সাশ্রয়ী নাশতা কিংবা এক কাপ কফির আড্ডাকেই বেছে নিচ্ছেন অনেক সিঙ্গেল।
ফলে অস্ট্রেলিয়ায় ডেটিংয়ের নতুন সমীকরণ দাঁড়াচ্ছে—রাতের ডিনার নয়, দিনের শুরুতেই এক কাপ কফি আর কিছুটা সহজ-স্বাভাবিক কথোপকথনেই শুরু হতে পারে নতুন সম্পর্কের গল্প।
সময়ের আলো/কেএইচও