সরকারি ওয়েব পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেসবুক পেইজ থাকলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ফটিকছড়ি থানার সার্বিক কার্যক্রমের হালনাগাদ কোনো তথ্য অনলাইনে প্রকাশ করা হয় না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৈনন্দিন অভিযান, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারসহ প্রয়োজনীয় তথ্যের জন্য ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা। এতে তাদের কার্যক্রমে ভাটা পড়েছে।
জানা যায়, সরকারি জাতীয় তথ্য বাতায়নের আওতায় ফটিকছড়ি থানার একটি নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকে ‘ফটিকছড়ি থানা’ নামে একাধিক পেইজ বিদ্যমান। তবে, এসব প্ল্যাটফর্মে থানার মৌলিক কিছু পরিচিতি থাকলেও নোটিশ ও খবর বিভাগে নিয়মিত পুলিশি কার্যক্রমের কোনো হালনাগাদ পাওয়া যায়নি।
এতে বেশি বিপাকে পড়ছেন পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া গণমাধ্যমর্কীরা। অপরাধবিষয়ক অভিযান, গ্রেফতার, উদ্ধার বা মামলার তথ্য নিয়মিত অনলাইনে প্রকাশ না হওয়ায় তাদের বাধ্য হয়ে বারবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগ করতে হয়। অনেক সময় একটি সাধারণ পরিসংখ্যান বা সত্যতা নিশ্চিতের তথ্য পেতে দুই থেকে তিন দিন বা তারও বেশি সময় চলে যায় তাদের।
সচেতন ও সেবাগ্রহীতাদের দাবি, সরকারি ওয়েবসাইটে ফটিকছড়ি থানার সিটিজেন চার্টার, সাধারণ ডায়েরি (জিডি), এফআইআর, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ট্রাফিক সেবাসহ যাবতীয় পুলিশি সেবার বিস্তারিত প্রক্রিয়া ও তথ্য স্পষ্টভাবে উল্লেখ রাখা জরুরি। এতে লোকজনের সময় ও হয়রানি কমবে এবং ঘটনার তাৎক্ষণিক যাচাইকৃত তথ্য অনলাইনে থাকলে যেকোনো গুজবের সুযোগও বন্ধ হবে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘এটি আগে থেকেই অনিয়মিত। যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মাঠপর্যায়ের কার্যক্রমে বেশি সময় দিতে হয়েছে। ভবিষ্যতে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। তথ্য নিয়মিত সরবরাহ ও হালনাগাদে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।’
সময়ের আলো/মহু