চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী বিহারী বগার গ্রেফতারে লঙ্কাকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

১৭ মামলার আসামি নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেফতার নিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে।মঙ্গলবার (৭ অক্টোবর)

2026-10-08T02:39:06+00:00
2026-10-08T02:39:06+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী বিহারী বগার গ্রেফতারে লঙ্কাকাণ্ড
চসিক মেয়রের বাধায় গ্রেফতার করা যায়নি বলে অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৩৯ এএম 
আসামি ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা। ছবি : সংগৃহীত
১৭ মামলার আসামি নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেফতার নিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

অভিযোগ আছে, বগা চসিক কার্যালয়ে অবস্থানের খবর পেয়ে পুলিশ গ্রেফতার করতে গিয়েছিল। কিন্তু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বাধায় গ্রেফতার করা যায়নি। মেয়রের গাড়িতে করেই পালিয়ে যায় বগা। 

তবে বুধবার সকালে গণমাধ্যমের কাছে মেয়র ডা. শাহাদাত হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন তার গাড়িতে বগা থাকার অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। 

নগরীর খুলশী থানার ওসি আবদুর রহিম উদ্দেশ্যমূলকভাবে চসিক কার্যালয়ে বগাকে গ্রেফতার করতে গিয়েছিল। বগাকে পথে বা অন্য কোনো স্থান থেকে গ্রেফতার করা যেত।

চসিক ও সিএমপি সূত্র জানায়, মঙ্গলবার রাতে সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী বগাকে গ্রেফতার করতে খুলশী থানা পুলিশের একটি টিম যায় চসিক ভবনের সামনে। তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি গাড়িও অবস্থান নেয়। প্রায় এক ঘণ্টা অবস্থান করেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নগর ভবনের সামনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে মেয়রের সঙ্গে সাংবাদিকদের তর্কাতর্কি হয়। 

পুলিশ জানায়, ওয়াকিল হোসেন ওরফে বগা নগর ভবনে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারে মঙ্গলবার রাতে চসিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় খুলশী থানা পুলিশ। তবে পুলিশ নগর ভবনের ভেতরে প্রবেশ করেনি। এ সময় সিএমপির উপকমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ ও খুলশী জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


পুলিশের অবস্থানের খবর পেয়ে নগর ভবনের সামনে বগার অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। এক পর্যায়ে পুলিশ ও সেখানে উপস্থিত লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত বগাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে চসিক ভবনের সামনে থেকে পুলিশ সদস্যরা চলে যান। তবে ঘটনার সময় বগা চসিক ভবনে ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার সকালে মেয়র ডা. শাহাদাত হোসেন দাবি করেন চসিক কার্যালয়ে বিভিন্ন কারণে লোকজন আসে। সেখানে বগা এসেছিল কি না তার জানা নেই। তবে একটি কাজে তার ভাই এসেছিল। বগা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ আমলে তাকে হয়রানিমূলক অনেক মামলা দেওয়া হয়েছিল। খুলশী থানার ওসি চসিক ভবনে না এসে রাস্তাঘাট পথে অন্য কোনো স্থান থেকে বগাকে গ্রেফতারে অভিযান চালাতে পারত। চসিক ভবনে এসে কৌশলে তার ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা করেছে পুলিশ।

নগর বিএনপির সাবেক দফতর সম্পাদক এম ইদরিস আলী বলেন, নির্বাচনকে সামনে রেখে চসিক মেয়রের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে একটি মহল কাজ করছে। তারাই বগাকে মেয়র গাড়িতে করে পালানোর সুযোগ দেওয়ার দাবি করছে। অথচ পুরো ঘটনা মিথ্যা।

প্রসঙ্গত ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে খুলশীর ওয়্যারলেস এলাকায় বগাকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় বাসার একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান তিনি। 

এ ঘটনায় খুলশী থানার ওসি ছয় পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। তিনি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   চট্টগ্রাম  তালিকাভুক্ত  সন্ত্রাসী  বিহারী বগা  গ্রেফতার  লঙ্কাকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: