বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহারাষ্ট্রের পুনের উপকণ্ঠে তার খামারবাড়িতে অনুষ্ঠিত হবে। তার সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান নানা পাটেকর। তার মরদেহ আজই গোয়া থেকে পুনেতে নেওয়া হবে।
নাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গণেশ থোরাট জানান, বিকেল ৫টার দিকে নানা পাটেকরের মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ সেখানে রাখা হবে।
পুনে শহরের উপকণ্ঠের দোঞ্জে এলাকায় অভিনেতার খামারবাড়িতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সেখানেই তার শেষ বিদায় সম্পন্ন হবে।
গণেশ থোরাট আরও জানান, পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে নানা পাটেকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এর আগে মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলারও জানিয়েছিলেন, নানা পাটেকরকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নানা পাটেকরের মৃত্যুতে শোক প্রকাশ করে আশিস শেলার বলেন, তার প্রয়াণ শিল্পজগতের জন্য অপূরণীয় ক্ষতি।
মহারাষ্ট্রের ইয়েওলার সাধারণ পরিবেশ থেকে উঠে এসে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি-হিন্দি চলচ্চিত্রে আলাদা অবস্থান তৈরি করেছিলেন নানা পাটেকর। তার মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ