রহস্যময় সামুদ্রিক প্রাণী অক্টোপাসের যত বিস্ময়

সময়ের আলো ডেস্ক

ফিচার

তিনটি হৃৎপিণ্ড, নীল রক্ত, আবার শরীরের প্রতিটি বাহু যেন আলাদা মস্তিষ্ক- অক্টোপাসের এমন বিস্ময়কর বৈশিষ্ট্যের শেষ নেই। সমুদ্রের অন্যতম বুদ্ধিমান

2026-10-08T14:52:23+00:00
2026-10-08T14:54:10+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
ফিচার
রহস্যময় সামুদ্রিক প্রাণী অক্টোপাসের যত বিস্ময়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ২:৫৪ পিএম
অক্টোপাস। ছবি : সংগৃহীত
তিনটি হৃৎপিণ্ড, নীল রক্ত, আবার শরীরের প্রতিটি বাহু যেন আলাদা মস্তিষ্ক- অক্টোপাসের এমন বিস্ময়কর বৈশিষ্ট্যের শেষ নেই। সমুদ্রের অন্যতম বুদ্ধিমান এই প্রাণী মাত্র কয়েক মিলিসেকেন্ডে গায়ের রং ও চামড়ার গঠন বদলে পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। আজ ৮ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব অক্টোপাস দিবস। অক্টোপাস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালন করা হয়।

২০০৬ সালে দ্য সেফালোপড ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল এবং সামুদ্রিক জীবপ্রেমীদের উদ্যোগে এই দিবসের সূচনা হয়। ইংরেজি শব্দ অক্টোবর এবং অক্টোপাস উভয়ই এসেছে গ্রিক শব্দ অকটো থেকে, যার অর্থ আট। অক্টোপাসের আটটি বাহুর সঙ্গে মিল রেখেই বছরের অষ্টম মাসের অষ্টম দিনটিকে এই দিবসের জন্য বেছে নেওয়া হয়েছে।

প্রায় ৩০ কোটি বছর ধরে পৃথিবীতে অক্টোপাসের অস্তিত্ব রয়েছে। ছবি : সংগৃহীত

প্রায় ৩০ কোটি বছর ধরে পৃথিবীতে অক্টোপাসের অস্তিত্ব রয়েছে। ছবি : সংগৃহীত


বিজ্ঞানীদের মতে, ডাইনোসরদের যুগেরও আগে, প্রায় ৩০ কোটি বছর ধরে পৃথিবীতে অক্টোপাসের অস্তিত্ব রয়েছে। অক্টোপাসকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। এরা ধাঁধা সমাধান করতে পারে, জটিল বৈজ্ঞানিক পরীক্ষায় নিজেদের বুদ্ধির প্রমাণ দিয়েছে এবং বিভিন্ন সামুদ্রিক শৈবাল বা খোলস ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে।

এদের তিনটি হৃৎপিণ্ড এবং নীল রঙের রক্ত থাকে। এদের কোনো হাড় বা কঙ্কাল নেই, যার ফলে এরা যে কোনো সরু জায়গা দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে। অক্টোপাসের কেন্দ্রীয় মস্তিষ্কের পাশাপাশি এদের প্রতিটি বাহুতে বা পায়ে আলাদা স্নায়ুতন্ত্র বা মিনি-মস্তিষ্ক থাকে। ফলে, প্রতিটি বাহু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে। এরা মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে নিজেদের গায়ের রং এবং চামড়ার গঠন পরিবর্তন করে চারপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে।


সামুদ্রিক খাদ্যশৃঙ্খলে অক্টোপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা কাঁকড়া, চিংড়ি ও ছোট মাছ খেয়ে সমুদ্রের ভারসাম্য রক্ষা করে, আবার নিজেরা বড় সামুদ্রিক মাছ ও তিমির খাদ্য হিসেবে অবদান রাখে।

তবে জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, প্লাস্টিক দূষণ এবং অতিমাত্রায় মাছ শিকারের ফলে বর্তমানে অক্টোপাসের প্রাকৃতিক বাসস্থান হুমকির মুখে পড়েছে। পরিবেশবাদীদের মতে, সমুদ্রের এই ভারসাম্য রক্ষা করতে হলে অক্টোপাসসহ সকল সামুদ্রিক জীবের আবাসস্থল সুরক্ষিত রাখা জরুরি।

বিশ্ব অক্টোপাস দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, পৃথিবীর জীববৈচিত্র্য কতখানি সমৃদ্ধ ও চমৎকার। সমুদ্রের এই বিস্ময়কর প্রাণীদের টিকিয়ে রাখতে এবং সমুদ্রের পরিবেশকে দূষণমুক্ত করতে আমাদের এখনই সচেতন হতে হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   অক্টোপাস  সামুদ্রিক প্রাণী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: