প্রাণীর ভিড়ে এক বেলা

সমীরণ রায়

ফিচার

দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পশু আর পাখি দেখতে প্রাণিসম্পদ মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী আসছেন প্রতিদিন। ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—

2026-11-29T22:23:02+00:00
2026-11-29T22:23:02+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ফিচার
প্রাণীর ভিড়ে এক বেলা
সমীরণ রায়
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম 
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৬-এ এই স্ফিংকস প্রজাতির লোমহীন বিড়ালগুলো প্রদর্শন করা হচ্ছে। ছবি : সময়ের আলো
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৬-এ এই স্ফিংকস প্রজাতির লোমহীন বিড়ালগুলো প্রদর্শন করা হচ্ছে। ছবি : সময়ের আলো
দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পশু আর পাখি দেখতে প্রাণিসম্পদ মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী আসছেন প্রতিদিন। ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ মেলা। আজ রোববার মেলার শেষ দিন। সকাল ৯টায় শুরু হওয়া এ মেলা আজ রাত ৮টায় শেষ হবে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় প্রাণিসম্পদ মেলায় উপচেপড়া ভিড় থাকায় সবচাইতে বড় সমস্যা ছিল প্রচণ্ড ধুলা। এতে অনেকেরই দম বন্ধ হওয়ার উপক্রম হয়।

অনেক দর্শনার্থী বলেন, পানি ছিটানোর ব্যবস্থা থাকলে ভালো হতো। গতকাল সরেজমিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগর বাণিজ্যমেলার পুরোনো মাঠে মেলায় ঢুকতেই চোখে পড়ে মানুষের ভিড়। মেলাঙ্গনে খাবারের স্টল, এরপর বিভিন্ন পশুপাখির খাদ্যদ্রব্য ও ওষুধের স্টল। একটু এগোলেই দেশি-বিদেশি নানা জাতের পাখি, বিড়াল, মোরগ, খরগোশ, ময়ূর ও কুকুরের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বড় বড় গরু ও মহিষের স্টলগুলোতেও ভিড়ের কমতি ছিল না। পশুপাখির নানা ধরনের ডাক, কুকুরের ঘেউ ঘেউ, বিড়ালের মিউ মিউ, কবুতর, মোরগের ডাক যে কারোরই মন কেড়ে নেয়। বাবা-মা, বড় ভাইবোনের সঙ্গে মেলাঙ্গনে আসা ছোট্ট শিশুদের উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের শেষ ছিল না। 

রাজধানী ঢাকায় একসঙ্গে এত পশুপাখি দেখার সুযোগ খুব বেশি হয় না। এই সুযোগ শিশুদের কাছে কেবল বিনোদন নয়; প্রকৃতি ও জীবজগৎকে জানারও এক আনন্দময় অভিজ্ঞতা। কেউ ১০০ টাকার বিনিময়ে ম্যাকাও ও কাকাতুয়ার সঙ্গে ছবি তোলেন। শুধু প্রাণী দেখা বা ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না মেলা। পশুপাখির চিকিৎসা এবং লালন-পালন সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যও রয়েছে আলাদা স্টল।

প্রাণিসম্পদ মেলায় অংশ নিয়েছে বিভিন্ন এগ্রো, ফার্ম ও অ্যাসোসিয়েশন। এসব প্রতিষ্ঠান মেলায় নানা পশুপাখি নিয়ে এসেছে প্রদর্শনীর জন্য। তবে কোনো কোনো ক্রেতার আগ্রহের কারণে অনেক প্রতিষ্ঠান বিক্রিও করছে। আবার কেউ কেউ ফোন নম্বর ও ফেসবুক পেজ নিয়ে যান। খামারিরাও বলে দেন ফোন করতে বা ফেসবুক পেজে নক দিতে। আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।

এ ছাড়া ১৭ লাখ টাকা দাম চাওয়া বিশাল শিংওয়ালা কঙ্করাজ (গরু) ঘিরে ছিল দর্শনার্থীদের সীমাহীন কৌতূহল। মাটি ছাড়াই মাত্র সাত দিনে সবুজ পশুখাদ্য উৎপাদনের প্রযুক্তি সবার নজর কেড়েছে। গবাদিপশুর প্রদর্শনীর পাশাপাশি এবার নজর কেড়েছে মাটি ছাড়াই সবুজ পশুখাদ্য উৎপাদনের হাইড্রোপনিক প্রযুক্তি। মেলায় গ্রিন সেভার্স নামের একটি উদ্যোগের মাধ্যমে এ পদ্ধতি তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দাবি, অল্প জায়গায় এবং তুলনামূলকভাবে কম উপকরণ ব্যবহার করে পাঁচ থেকে সাত দিনের মধ্যে গবাদিপশুর জন্য সবুজ খাদ্য উৎপাদন করা সম্ভব। এ পদ্ধতিতে উৎপাদিত চারার পাতা, বীজ ও শিকড়সহ পুরো অংশই গবাদিপশুকে খাওয়ানো যায় বলে জানান উদ্যোক্তারা।

তাদের দাবি, এক কেজি বীজ থেকে প্রায় পাঁচ কেজি সবুজ পশুখাদ্য উৎপাদন করা সম্ভব। তবে উৎপাদনের পরিমাণ বীজের মান, পরিবেশ ও পরিচর্যার ওপর নির্ভর করে। সাত দিনের পর চারার পুষ্টিমান কমতে শুরু করতে পারে।

ন্যাশনাল এগ্রিকালচার সোসাইটি বাংলাদেশের ওনার হাবিবুর রহমান বলেন, আমরা এখানে যেসব পাখি নিয়ে এসেছি, এগুলো শুধু প্রদর্শনীর জন্য। আমার মূলত কাঁটাবন মার্কেটে দোকান আছে। তবে কোনো ক্রেতা যদি একান্তই কিনতে চান সে ক্ষেত্রে ব্যবস্থা করে দিই। আমার এখানে রয়েছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। যদি সঠিক যত্ন ও খাবার দেওয়া হয়, এই পাখি  সাধারণত বেঁচে থাকে ৪০ থেকে ৫০ বছর। একটি পাখির দাম দেড় থেকে আড়াই লাখ টাকা। তবে কোয়ালিটির ওপর দাম নির্ভর করে। রয়েছে লাভ বার্ড, এটি ২০০০ থেকে লাখ টাকা পর্যন্ত দাম ওঠে।

দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রিন্স অ্যাগ্রো ফার্মের রাজস্থান থেকে আনা কঙ্করাজ জাতের গরুটি। গরুটির বড় আকৃতি ও লম্বা শিং যে কারোরই সহজেই নজর কেড়ে নেয়। শিংয়ের গায়ে দেওয়া রয়েছে সোনালি রং। ফলে শিশুদের নজর ছিল এই গরুর দিকে। মালিক গরুটির দাম চাইছেন ১৭ লাখ টাকা। শুধু তাই নয়, গরুটি কিনলে উপহার হিসেবে একটি ভুট্টি জাতের গরু উপহার দেওয়ারও প্রস্তাব রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া থেকে কঙ্করাজকে নিয়ে আসা ফোরকান মিয়া বলেন, গরুটির বয়স প্রায় আড়াই বছর। ছোটবেলা থেকেই আমাদের খামারে লালন-পালন করা হচ্ছে। কয়েকজনের সঙ্গে দাম নিয়ে আলোচনা চলছে।

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে মেলায় অংশ নেওয়া আইকনিক বাংলা পেট শেল্টা খামারের কর্মী স্বপন বলেন, মূলত আমাদের খামারের উদ্দেশ্য মানুষকে ধারণা দেওয়া। আমরা বাচ্চা কুকুর বিক্রি করে থাকি। প্রতিটি বাচ্চা কুকুর ৫০ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি হয়। আর বড়গুলো ১ থেকে ২ লাখ টাকায় বিক্রি হয়। কুকুরগুলো মানববান্ধব। এরা খুবই আরামপ্রিয়। দেখতে যেমন সুন্দর তেমনই খুব শান্ত।


বগুড়ার গাবতলী থেকে উটপাখি ও বিভিন্ন জাতের মোরগ নিয়ে এসেছেন তরুণ উদ্যোক্তা আবেদুল ইসলাম। তিনি বলেন, উটপাখির ছোট বাচ্চাগুলো বিক্রি করতে ক্রেতাদের উদ্বুদ্ধ করছি। একটা ছোট উটপাখির দাম ১ লাখ টাকা। বড়গুলো দেড় থেকে ২ লাখ। আর বিভিন্ন জাতের মুরগি রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মুরগি ব্রাহামা। এর একটি মুরগির দাম ৮ থেকে ২৫ হাজার টাকা। আর বিশ্বের সবচেয়ে ছোট মুরগি জাজ সিøকি। এর দাম ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা। আরেকটি মুরগি যেটির গায়ের রং, রক্ত ও মাংস সবকিছুই কালো। এই মুরগির দাম ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা।

সুজন পোষা প্রাণী নামে আরেক খামারির স্টলে রয়েছে নানা জাতের পাখি। তার কাছে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। এক জোড়া একলেক্টাস টিয়া পাখির দাম চাওয়া হচ্ছে ৫ লাখ টাকা। এ ছাড়া রয়েছে পুলিশ ক্যাপ মোরগ। এক জোড়া পুলিশ ক্যাপ মোরগের দাম ৬ হাজার টাকা।

ছুটির দিনে সন্তানদের নিয়ে প্রদর্শনী ঘুরতে আসা অভিভাবকরা জানান, শিশুদের জন্য এটি পশুপাখি সম্পর্কে সরাসরি জানার একটি সুযোগ। বিভিন্ন জাতের গরু, ছাগল ও অন্যান্য প্রাণী দেখে তারা আনন্দ পাচ্ছে। শুধু বাচ্চারাই নয়, আমরাও খুব আনন্দ পাচ্ছি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রদর্শনী ও মেলার সময় এক দিন বাড়িয়ে আজ ২৯ নভেম্বর রাত ৮টায় শেষ হবে। গত ২৬ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর বাণিজ্যমেলার পুরোনো মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলার উদ্বোধন করেন। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   প্রাণী  প্রাণিসম্পদ মেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: