ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি : শ্রমিকদের বিক্ষোভ, অনশনের হুঁশিয়ারি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করতে কঠোর কর্মসূচি থেকে পিছু হঠল চট্টগ্রাম বন্দর কেন্দ্রীয় বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার

2026-10-08T21:39:06+00:00
2026-10-08T21:39:06+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি : শ্রমিকদের বিক্ষোভ, অনশনের হুঁশিয়ারি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ পিএম 
চট্টগ্রাম বন্দর শ্রমিকসংঘের বিক্ষোভ মিছিল। ছবি : সময়ের আলো
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করতে কঠোর কর্মসূচি থেকে পিছু হঠল চট্টগ্রাম বন্দর কেন্দ্রীয় বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে বন্দর কার্যক্রম বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি শুরু করা হয়নি। শ্রমিক নেতারা চুক্তির বিষয়ে আলোচনার পথ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় সোমবার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বন্দর ভবনের মূল ফটকের কাছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের চুক্তি বাতিলের দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। একই সময় চট্টগ্রাম বন্দর শ্রমিক সংঘের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। এর আগে বুধবার রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে মশাল মিছিল করা হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের তরফে কোম্পানির চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে স্বাক্ষর করেন।

চট্টগ্রামের সমাবেশে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক বন্দর শ্রমিক দল নেতা হুমায়ুন কবির বলেন, আমরা ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার বিরোধী। এতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হবে। গত ২ বছরে আমরা চুক্তি না করার জন্য বহু যুক্তি তর্ক দিয়েছি। এখন আর যুক্তি তর্ক দেব না। আগামী রোববারের মধ্যে সরকারের কাছে আলোচনার পথ তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানাই। যদি আলোচনার পরিবেশ সৃষ্টি করা না হয় তাহলে সোমবার আমরা অনশন কর্মসূচি পালন করব। সোমবার সকালে বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ভবনের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনশন চলবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, চুক্তির আগে আলোচনা করা দরকার ছিল। আলোচনা না করে চুক্তি করেন আর যাই করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না। এটা সরকারে বিরুদ্ধে আন্দোলন না। যারা সরকারকে ভুল বোঝাচ্ছে তাদের থেকে সরকারকে বের করে নিয়ে আসার আন্দোলন।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, সরকারকে আমরা বারবার আলোচনার আহ্বান জানিয়েছি। সরকার তা না শুনে একতরফাভাবে চুক্তি করেছে। বন্দরের ইতিহাসে এ দিনটি কালো দিবস হয়ে থাকবে। আলোচনার পথ তৈরি না করলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ বন্দর ভবনের সামনে থেকে শুরু হয়ে নিমতলা বিশ্বরোড মোড় ঘুরে আবার বন্দর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

ঘোষণা দিয়েও কেন বন্দর কার্যক্রম বন্ধ হয়নি এ প্রশ্নে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন সময়ের আলোকে বলেন, আমরা চাইলে বন্ধ করতে পারি। শ্রমিকরাও উদ্‌গ্রীব। কিন্তু দেশের স্বার্থে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই।

এদিকে, এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর নিয়ে আন্দোলনের মধ্যেই অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখতে জরুরি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষরের একদিন আগে বুধবার (৭ অক্টোবর) বন্দরের পরিচালক মো. নাসির উদ্দীনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বন্দরের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটি পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপটে বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রাখতে হবে। অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ডিপি ওয়ার্ল্ড  চুক্তি  : শ্রমিক  বিক্ষোভ  অনশন  হুঁশিয়ারি  সময়ের আলো  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: