গাজা উপত্যকার উত্তরাঞ্চল ও গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারীসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর থেকে এসব ঘটনা ঘটে বলে চিকিৎসা সূত্রের বরাতে আল–জাজিরা জানিয়েছে।
চিকিৎসা সূত্রগুলো জানায়, গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন নিহত হন। এ ছাড়া উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।
এর আগে গাজা সিটির উত্তরে আল-তাওয়াম এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের খবর পাওয়া যায়। তবে সেখানে হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও আরও তিনজন আহত হয়েছেন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের একটি সূত্র জানিয়েছে।
চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও উত্তর গাজায় একটি তাঁবুতে ইসরায়েলি গোলাবর্ষণে এক নারী নিহত এবং তাঁর স্বামী ও দুই সন্তান আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সময়ের আলো/জেডি