বরিশাল কেন্দ্রীয় কারাগারে ২২ বছর বন্দী থাকার পর হাসপাতালে মারা গেছেন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সুলতান হাওলাদার (৬৪)। হৃদ্রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আটটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
জেলার আবু ইউসুফ জানান, নিয়ম অনুযায়ী মৃত্যুর পর তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, সুলতান হাওলাদার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। তবে মামলাটির বিস্তারিত তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই। এ কারণে কোন হত্যাকাণ্ডের মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়েছিল, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সময়ের আলো/এমকে