ময়মনসিংহে অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও তিন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। মৃতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে হারিছা বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। তিনি গত ৮ অক্টোবর ভোরে হাসপাতালে ভর্তি হওয়ার ঐদিন সকালে তার মৃত্যু হয়। অন্যজন ৪৫ বছর বয়সী মিনহাজের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তিনি গত ৭ অক্টোবর বিকালে হাসপাতালে ভর্তি হয় এবং ৮ অক্টোবর বিকালে আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত্যুবরণকারি আরেকজন ৪৫ বছর বয়সী মরিয়ম। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে গত ৮ অক্টোবর সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে আইসিইউতে তার মৃত্যু হয়। তবে তাদের ডেঙ্গু ছাড়াও অন্যান্য জটিল রোগ ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। ছুটি পেয়েছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫১২ জন।
সময়ের আলো/জোই