তিন ফিফটির পরও অস্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

শুরুটা ছিল স্বপ্নের মতো। উদ্বোধনী জুটিতে ১২৪ রান, ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংস, সাদমান ইসলামের ধৈর্যশীল ব্যাটিং। কিন্তু

2026-10-09T23:57:56+00:00
2026-10-09T23:57:56+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
তিন ফিফটির পরও অস্বস্তিতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ পিএম 
ছবি : সংগৃহীত
শুরুটা ছিল স্বপ্নের মতো। উদ্বোধনী জুটিতে ১২৪ রান, ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংস, সাদমান ইসলামের ধৈর্যশীল ব্যাটিং। কিন্তু সেই উড়ন্ত সূচনাকে বড় সংগ্রহে রূপ দেওয়ার পথে বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে দল, ব্যাটারদের ফিরতে হয়েছে হতাশা নিয়ে। শেষ দিকে লিটন দাসের ফিফটিতেও পুরোপুরি স্বস্তি মেলেনি। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭ রান।

শুক্রবার আবুধাবিতে একমাত্র টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৮৪ ওভার। তিন ব্যাটারের ফিফটির পরও তিনশ পার করতে লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। নাঈম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রান নিয়ে অপরাজিত আছেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম নিয়েছেন ৩ উইকেট। ইয়ামিন ও ইসমত আলমের শিকার দুটি করে, কাইস আহমেদের একটি।

দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল দারুণ। সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগান বোলারদের চাপে ফেলেন তানজিদ। মাত্র ৪১ বলে ফিফটি তুলে নেওয়ার পরও একই মেজাজে খেলছিলেন তিনি। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করে বাংলাদেশকে শক্ত ভিত এনে দেন দুজন। কিন্তু ৮৩ রানে থামতে হয় তানজিদকে। ইসমত আলমের বলে উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন ইকরাম আলিখিল।

এরপর ফিফটি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি সাদমান। ৬৭ রান করে মোহাম্মদ সেলিমের বাউন্সারে পুল করতে গিয়ে স্কয়ার লেগে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দেন তিনি। ১৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। ভালো খেলতে থাকা মুমিনুল হক ৩৯ রান করে ইয়ামিনের বলে আউট হন। অফ স্টাম্পের লেংথ বল ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে রহমতের দুর্দান্ত ক্যাচের শিকার হন তিনি। বাংলাদেশের রান তখন ২২১।

এরপর যেন ধস নামে ব্যাটিংয়ে। ইয়ামিনের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে বোল্ড হন মুশফিকুর রহিম। সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে চলমান টেস্টের এই ইনিংসসহ টানা সাত ইনিংসে ফিফটির দেখা পাননি তিনি।

মুশফিকের বিদায়ের পর দ্রুত ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার সংগ্রহ ২৯ রান। মাত্র পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ২২৫ রানে পাঁচ উইকেটে পরিণত হয় বাংলাদেশের সংগ্রহ। চা-বিরতির আগে এই ধাক্কা সামাল দেওয়াই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ।

বিরতির পর লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেন পরিস্থিতি সামাল দিতে। দুজনের ৬২ রানের জুটি বাংলাদেশকে আবারও কিছুটা স্বস্তি দেয়। কিন্তু ২৪ রান করে ইসমত আলমের বলে বোল্ড হন মিরাজ। খাটো লেংথের বল সামান্য ভেতরে ঢুকে এলে কাট করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। বল গিয়ে আঘাত করে স্টাম্পে। ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ক্যারিয়ারের ২১তম ফিফটি তুলে নিয়ে বড় সংগ্রহের আশা জাগান লিটন। কিন্তু ফিফটির পরই মোহাম্মদ সেলিমের শর্ট বলে হুক করতে গিয়ে উইকেট হারান তিনি। ডিপ স্কয়ার লেগে ইয়ামিনের দুর্দান্ত ডাইভিং ক্যাচে শেষ হয় তার ৫০ রানের ইনিংস। বাংলাদেশের সংগ্রহ তখন ৩০৩।

এরপর হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। দুই রান করে মোহাম্মদ সেলিমের বিধ্বংসী ইয়র্কারে বোল্ড হন তিনি। ৩০৫ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

দিনের শুরুতে যে দলটি বড় সংগ্রহের পথে এগোচ্ছিল, দিনের শেষে সেই দলই দাঁড়িয়ে আছে ৩১৭ রানে আট উইকেট নিয়ে। হাতে রয়েছে আর মাত্র দুটি উইকেট। নাঈম ও তাইজুলের ব্যাটে শেষ দিকে কতটা রান যোগ হয়, এখন সেটিই দেখার। অন্যদিকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আফগানিস্তানও প্রথম দিন শেষে ম্যাচে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফিফটি  বাংলাদেশ  সময়ের আলো  খেলা  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: