সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১০ থেকে ১২টি গোডাউন এবং অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুনের তাণ্ডবে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসা বাসিন্দাদের নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগও উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ফ্যান্টাসি কিংডমের পেছনে একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরপরও কয়েকটি স্থানে আগুনের শিখা নেভানো ও ডাম্পিংয়ের কাজ চলছিল।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে তাঁরা ঘর থেকে বেরিয়ে যান। এ সময় অনেক মালামাল বের করার সুযোগ হয়নি। পরে ফিরে এসে পোড়া জিনিসপত্রের পাশাপাশি অক্ষত থাকা কিছু মূল্যবান মালামাল ও নগদ টাকা খুঁজে পাননি তাঁরা। উদ্ধার তৎপরতার বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে একটি চক্র এসব জিনিস নিয়ে গেছে বলে অভিযোগ তাঁদের।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা সাথী আক্তার বলেন, পেছনের ঝুটের গোডাউন থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১৪ কক্ষের বাসার সবাই ভয়ে বেরিয়ে যান। ফলে শুরুতে কোনো জিনিসপত্র সরানো সম্ভব হয়নি। পরে কিছু বড় জিনিস বের করতে পারলেও ফ্যান ও চুলার মতো ছোটখাটো অনেক মালামাল খুঁজে পাওয়া যায়নি।
পোশাকশ্রমিক আসমা বেগম বলেন, তাঁর ঘরের গ্যাস সিলিন্ডার, চুলা ও পাতিলের খাবারের পাশাপাশি জমানো ১০ হাজার টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ী রানা জানান, তাঁর বাসায় রাখা কাপড়চোপড়সহ বিভিন্ন মালামালও চুরি হয়েছে বলে তাঁর ধারণা।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, রাত ৯টা ৪৫ মিনিটে জিরাবো স্টেশনে আগুন লাগার খবর আসে। পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি গোডাউন পুড়েছে। শ্রমিক কলোনির প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আশুলিয়া জামগড়া ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে