আশুলিয়ায় গুদামের আগুনে পুড়ল বহু ঘর, মালামাল চুরির অভিযোগ

আশুলিয়া সংবাদদাতা

সারাদেশ

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তুলা ও ঝুটের গুদামে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বসতবাড়িতে। এতে বহু ঘরের আসবাব, কাপড়চোপড়, রান্নার

2026-10-10T03:00:32+00:00
2026-10-10T03:00:32+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
আশুলিয়ায় গুদামের আগুনে পুড়ল বহু ঘর, মালামাল চুরির অভিযোগ
আশুলিয়া সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:০০ এএম 
ছবি : সংগৃহীত
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তুলা ও ঝুটের গুদামে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বসতবাড়িতে। এতে বহু ঘরের আসবাব, কাপড়চোপড়, রান্নার সরঞ্জামসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে বেরিয়ে আসা বাসিন্দাদের অভিযোগ, এ সময় তাঁদের কিছু মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার একটি গুদামে আগুন লাগে। পরে তা আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার সুযোগ পাননি। পরে কেউ কেউ ঘরে ফিরে ফ্যান, চুলা, গ্যাস সিলিন্ডার, নগদ টাকা ও অন্যান্য মালামাল খুঁজে পাননি। তাঁদের অভিযোগ, আগুন নেভানো ও মালামাল উদ্ধারের ব্যস্ততার সুযোগে কেউ কেউ এসব জিনিস নিয়ে গেছেন।

ক্ষতিগ্রস্ত গৃহবধূ সাথী আক্তার বলেন, তাঁদের ১৪ কক্ষের বাসার পেছনের ঝুটের গুদাম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ায় মালামাল সরানো সম্ভব হয়নি। পরে কিছু জিনিস বের করতে পারলেও ফ্যান, চুলাসহ অনেক ছোটখাটো জিনিস খুঁজে পাননি তারা।

পোশাকশ্রমিক আসমা বেগম বলেন, আগুনে তার ঘরের চুলা, পাতিল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। ঘরে থাকা ১০ হাজার টাকাও খুঁজে পাচ্ছেন না তিনি। তবে কারা এসব মালামাল নিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি।

বাড়ির মালিক মুজিবুর রহমানের দাবি, আগুনে প্রায় ২০টি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। তার নিজের ক্ষতির পরিমাণ অন্তত ২০ লাখ টাকা। রেহানা নামের আরেক বাসিন্দা জানান, আগুনে তার পাঁচতলার বাসার সবকিছু পুড়ে গেছে। স্বামীকে খুঁজে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।

স্থানীয় ব্যবসায়ী রানা বলেন, তার বাসায় ব্যবসার কাপড়চোপড়সহ অনেক মালামাল রাখা ছিল। আগুনের পর সেগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেননি। তার অভিযোগ, কিছু মালামালও চুরি হয়েছে।


জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে জামগড়ায় একটি তুলার গুদামে আগুন লাগার খবর পান তারা। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন গুদামে আগুন লাগার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আশুলিয়াম গুদাম  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: