বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানের সময় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মেঘনা নদীর সাওরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ দুই জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ।
আটক দুই জেলে হলেন সালাহউদ্দিন চৌকিদার ও মো. শাহ আলম। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের একটি দল মেঘনা নদীতে টহল দিচ্ছিল। সাওরা এলাকায় পৌঁছালে কয়েকটি নৌকায় থাকা একদল জেলে লাঠিসোঁটা ও ইট নিয়ে কোস্টগার্ড সদস্যদের ওপর হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ধাওয়া করেন।
খবর পেয়ে মৎস্য বিভাগ ও নৌপুলিশের সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে স্পিডবোটের সামনের কাচ ও হর্ন ভেঙে যায়। পরে ধাওয়া করে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমান আরও জানান, নদীতে ফেলে দেওয়া কারেন্ট জাল ও মাছ উদ্ধার করা হয়েছে। জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সময়ের আলো/এসএকে