ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে (আইল্যান্ড) উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশালের বগার বাজার এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে ও বরযাত্রীদের নিয়ে নেত্রকোণা বাইপাসের দিকে যাচ্ছিল ‘অয়ন এন্টারপ্রাইজ’ নামের একটি বাস। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিড ব্রেকার অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়ে।
দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে অল্পের জন্য রক্ষা পান বর-কনে। দুর্ঘটনার পর বর-কনেকে সড়কের পাশের একটি ওষুধের দোকানে বসে থাকতে দেখা যায়। আহত ব্যক্তিরা স্থানীয় ফার্মেসি ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি দুর্ঘটনা রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিড ব্রেকারটি নির্মাণ করা হয়। তবে দূর থেকে স্পিড ব্রেকারটি স্পষ্টভাবে বোঝার জন্য সাদা-হলুদ রং দিয়ে চিহ্নিত করা এবং এর আগে-পরে সতর্কতামূলক রোড সাইন স্থাপনের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, পর্যাপ্ত নির্দেশনাসূচক সংকেত থাকলে চালকেরা আগে থেকেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারতেন এবং এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
আহতদের স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে জানতে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। আহতদের কেউ গাড়িতে আটকে না পড়ায় হয়তো ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি।
সময়ের আলো/জোই