প্রথম স্ত্রীকে গোপনে তালাক দেওয়ার পরও সংসার চালিয়ে যাওয়া এবং অন্য নারীকে বিয়ের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ম.ন.ফ. বিদ্যুৎ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজার থেকে থানা-পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। বিদ্যুৎ সরকার উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যুৎ সরকার তার প্রথম স্ত্রী সুমা আক্তারকে (রৌমারী উপজেলার বাসিন্দা) না জানিয়ে গোপনে তালাক দেন। তবে তালাকের তথ্য গোপন রেখে তিনি সুমার সঙ্গেই বৈবাহিক সম্পর্ক বজায় রাখেন। তাদের এই দাম্পত্য জীবনে একটি সন্তানও রয়েছে।
পরবর্তীকালে ঢাকার জুঁই নামের এক নারীকে বিয়ে করেন বিদ্যুৎ। জানা গেছে, জুঁই ঢাকার একটি নারিকেল তেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিক। দ্বিতীয় বিয়ের খবর ও পূর্বের গোপনীয় তালাকের বিষয় জানতে পেরে সুমা আক্তার বাদী হয়ে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বিদ্যুৎ সরকারকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
সময়ের আলো/জোই