ভারতে বিক্ষোভকারীদের গণহারে আটকের ঘটনায় দেশটির কর্তৃপক্ষের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বলছে, এর মাধ্যমে দিল্লিতে ‘ভয়ের পরিবেশ’ তৈরি করছে সরকার।
আল-জাজিরাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল বলেন, দিল্লি পুলিশের হাতে বিরোধী দলের নেতা, ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে আটকের খবর সরকারের সমালোচনামূলক কণ্ঠ দমনের মরিয়া চেষ্টার ইঙ্গিত দেয়।
তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে যাঁদের আটক করা হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দিতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষা ও তা পালনে সহায়তা করতে সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি।
আকার প্যাটেল আরও বলেন, মানুষের প্রতিবাদের অধিকার সীমিত করতে দিল্লিতে আরোপ করা সব ধরনের ‘স্বেচ্ছাচারী বিধিনিষেধ’ অবিলম্বে তুলে নিতে হবে। এসব বিধিনিষেধ আন্তর্জাতিক আইনের অধীনে ভারতের বাধ্যবাধকতার পরিপন্থী। প্রতিবাদের অধিকার ভারতের সংবিধানেও সুরক্ষিত—দিল্লি পুলিশের তা ভুলে যাওয়া উচিত নয়।
সময়ের আলো/জেডি