বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর সন্ধান পেতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিখোঁজ আবু বকর সিদ্দিক সান্তাহার ইউপির পশ্চিম ছাতনী গ্রামের রায়হান হোসেনের ছেলে। সে ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসা বন্ধ থাকায় আবু বকর বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি ও দুষ্টুমি হয়। এ সময় মা তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শিশুটির বাবা রায়হান হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়িতে ফিরে ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজ শিশুটিকে পেলে তার বাবা রায়হান হোসেনের ফোন নম্বরে (০১৩২৮৩৯৫৬৮৫) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি জানা নেই। এ ব্যাপারে থানায় এখনো কোনো জিডি বা অভিযোগও হয়নি৷
সময়ের আলো/আতা