পরকীয়ার জেরে গার্মেন্টস কর্মীকে হত্যা, মামলা হওয়ার ৩ ঘণ্টায় আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টস কর্মী চম্পা বেগম (৪০) হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলা দায়েরের

2026-11-26T20:50:27+00:00
2026-11-26T20:50:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
পরকীয়ার জেরে গার্মেন্টস কর্মীকে হত্যা, মামলা হওয়ার ৩ ঘণ্টায় আসামি গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টস কর্মী চম্পা বেগম (৪০) হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে মো. জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সংস্থাটি। পিবিআইয়ের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে চম্পাকে হত্যা করেন জসিম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেফতার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পা বেগম একই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পিবিআই জানায়, গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন চম্পা। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ২৪ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এ ঘটনায় গত ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের হয়। পরে মামলাটির তদন্তভার পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করে সংস্থাটির একটি দল।

পিবিআই জানায়, মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে ঘিওর থানার বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন সেতুর পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সন্দেহভাজন জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।


সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জসিম। চম্পা বেগমের সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তারা দিনের বিভিন্ন সময়ে ইমো ও মেসেঞ্জারে কথা বলতেন। একপর্যায়ে চম্পা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে জসিম বিবাহিত এবং তার সন্তান থাকায় ও বয়সের ব্যবধানের কারণে তাকে বিয়ে করা সম্ভব ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিনও বিয়ের বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পার গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেন।

পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চম্পা বেগম হত্যা  মানিকগঞ্জ  ঘিওর  পিবিআই  হত্যা মামলা  জসিম উদ্দিন  পরকীয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: