প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোচট্টগ্রামের বাঁশখালীতে পৃথক পুলিশি অভিযানে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের কলাতলী, বাঁশখালীর চেচুরিয়া, বৈলছড়ি ও জলদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১) ও হাসিবুল ইসলাম তানভীর (১৬) এবং বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২)।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আরিফ হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার সদর থানার কলাতলী এলাকার সি প্যালেস হোটেল থেকে পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়।
একই দিন সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালীর চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন আকাশ, মারুফুল ইসলাম ও হাসিবুল ইসলাম তানভীরকে গ্রেফতার করা হয়। পরে দুপুর ১টার দিকে উপজেলার বৈলছড়ি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শাওনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল ও পতাকা মিছিলের আয়োজন করেন। এ ছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই