ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন ইউটিউবে প্রকাশের পর পরীক্ষা স্থগিত করা

2026-11-26T20:57:30+00:00
2026-11-26T20:57:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম 
নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলো
নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন ইউটিউবে প্রকাশের পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবে প্রকাশিত প্রশ্নের হুবহু মিল পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ছিল পরীক্ষার পঞ্চম দিন। এদিন দুপুর ১টায় অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল ৯টার দিকে ‘Abir Mentor’ নামের একটি ইউটিউব চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্রের ভিডিও আপলোড করা হয়। পরে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে ইউএনও স্যারের নির্দেশে পরীক্ষা স্থগিত করেছি। প্রশ্নের মিল থাকার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্ন ইউটিউবে পাওয়া গেছে—এমন তথ্য জানার পর প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছি, প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিত রাখতে। পরে প্রশ্নের হুবহু মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সেসব পরীক্ষাও নতুন করে নেওয়ার ব্যবস্থা করা হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, পরীক্ষা স্থগিতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, ‘এটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। এ বিষয়ে আমি লিখিত কোনো নির্দেশনা দিইনি। প্রধান শিক্ষককে বলেছি, সবকিছু যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে করা হয়। তবে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় তখন হাতে ছিল না।

এদিকে, পরীক্ষার প্রশ্নপত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ঘটনায় অবহেলার অভিযোগ তুলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ভিভাবকেরা। তাদের প্রশ্ন, পরীক্ষার প্রশ্নপত্র শুধু সংশ্লিষ্ট বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানার কথা। তাহলে সেই প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে প্রকাশ পেল? প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

অনুসন্ধানে দেখা যায়, ‘Abir Mentor’ নামের একটি ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও নৈর্ব্যক্তিক প্রশ্ন গত বুধবার (২৫ নভেম্বর) রাতে সমাধানসহ প্রকাশ করা হয়েছিল। শুধু বৃহস্পতিবারের পরীক্ষার প্রশ্নই নয়, এর আগের চারটি পরীক্ষার প্রশ্নপত্রও পরীক্ষার আগের রাতে উত্তর ও সমাধানসহ ওই চ্যানেলে প্রকাশ করা হয়েছিল বলে অনুসন্ধানে দেখা গেছে।

গত ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় সমাপনী পরীক্ষা। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, এসব পরীক্ষাও ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আজ ২৬ নভেম্বর অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ত্রিশাল  ময়মনসিংহ  সময়ের আলো  নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়  অষ্টম শ্রেণি  বার্ষিক পরীক্ষা  ত্রিশাল  ইউটিউব  প্রশ্ন ফাঁস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: