চুয়েটের অচলাবস্থা কাটবে কবে? জানালেন নতুন ভিসি

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা পূজার ছুটির পর স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন নতুন উপাচার্য অধ্যাপক

2026-10-10T21:28:12+00:00
2026-10-10T21:28:12+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিক্ষা
চুয়েটের অচলাবস্থা কাটবে কবে? জানালেন নতুন ভিসি
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা পূজার ছুটির পর স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি জানিয়েছেন, ঢাকায় দুটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পূজার ছুটির পর ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নেবেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, ‘আমি বর্তমানে চট্টগ্রাম সার্কিট হাউসে বসে চুয়েটের দাফতরিক কাজগুলো সারছি। শিগগিরই আমি চুয়েটে যাব। বেশিরভাগ ছাত্র-শিক্ষক আমাকে চুয়েটে নেওয়ার জন্য খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন। তারা আমার সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করছেন।’

আন্দোলনের কারণে শিক্ষার্থীদের দুই সপ্তাহের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, ‘আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে দুই সপ্তাহ লেখাপড়ায় ক্ষতি হয়েছে, আমি ক্যাম্পাসে যাওয়ার পর চেষ্টা করব তা কীভাবে পুষিয়ে দেওয়া যায়।’

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) নতুন উপাচার্য চুয়েট ক্যাম্পাসে যেতে পারেন—এমন খবরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত তিনি ক্যাম্পাসে যাননি। অন্যদিকে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরা।

সেদিন ক্যাম্পাসে না যাওয়ার কারণ জানতে চাইলে শেখ শরীফুল আলম বলেন, ‘ওই দিন যাওয়ার প্রস্তুতি ছিল, তবে সিদ্ধান্ত ছিল না। এ কারণে যাওয়া হয়নি।’

কবে ক্যাম্পাসে যাবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিগগিরই ক্যাম্পাসে পূজার ছুটি শুরু হয়ে যাবে। আমারও ঢাকায় দুটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। সেগুলো শেষ করে পূজার ছুটির পর বৈঠকের পর প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসে যাব। পূজার ছুটির পর ক্যাম্পাস স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’

আন্দোলনের মধ্যেই গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, তার যোগদান সম্পন্ন হয়েছে এবং শিক্ষা সচিব তা গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব জায়গায় যোগদানের বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। যোগদানের পর থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে বসেই দাফতরিক কাজ করছেন উপাচার্য।


এর আগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় তাকে অপসারণের সিদ্ধান্ত আসে।

এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তারা। পরে আন্দোলনে একাত্ম হন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। বন্ধ রয়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। প্রশাসনিক ভবনেও ঝুলছে তালা।

এ পরিস্থিতিতে দুই দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে। আগামীকাল রোববার (১১ অক্টোবর) থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার অধ্যাপক শেখ শরীফুল আলম তাকে এ দায়িত্ব দেন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন ও বিভিন্ন দফতপ্রধানকে ই-মেইলে জানানো হয়েছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, ‘অধ্যাপক আরাফাত রহমানকে ১১ ও ১২ অক্টোবর, দুই দিনের জন্য রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আমি সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানিয়েছি।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চুয়েট  ভিসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: