আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর স্থগিত হয়েছে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ভিসা প্রক্রিয়াটি এসিবির মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। তবে ওমানের কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় নির্ধারিত সময়ে দলের যাত্রা সম্ভব হচ্ছে না।
এরই মধ্যে সিলেটে ১৪ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার ঢাকায় দলের আনুষ্ঠানিক ফটোসেশনও অনুষ্ঠিত হয়েছে।
বিসিবি জানিয়েছে, ভিসার প্রক্রিয়া শুরু হয়েছিল সেপ্টেম্বরের শুরুতে। তবে ভিসা ইস্যু করা বিসিবির নিয়ন্ত্রণের বাইরে। বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘দলকে যাত্রার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভিসা পাওয়া মাত্রই প্রয়োজনীয় ভ্রমণব্যবস্থা করা হবে।’
তবে কবে নাগাদ দলের নতুন যাত্রার তারিখ নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিবি। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপরই নির্ভর করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফরের পরবর্তী সূচি।
সময়ের আলো/প্রিন্ট/এমকে