ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা, তবু রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই শুরু, বদলি হিসেবে নেমে গোল, এরপর সেই গোল বাতিলের পাশাপাশি লাল কার্ড—সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচের সাক্ষী

2026-10-11T05:39:58+00:00
2026-10-11T05:39:58+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
খেলা
ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা, তবু রিয়ালের জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ এএম 
ইয়ান দিয়োমান্দের একমাত্র গোলে ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছে হোসে মরিনিয়োর দল। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই শুরু, বদলি হিসেবে নেমে গোল, এরপর সেই গোল বাতিলের পাশাপাশি লাল কার্ড—সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচের সাক্ষী হলো সান্তিয়াগো বার্নাব্যু। তবে ব্রাজিলিয়ান তারকার বিদায়ের পরও জয় হাতছাড়া করেনি রিয়াল মাদ্রিদ। ইয়ান দিয়োমান্দের একমাত্র গোলে ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছে হোসে মরিনিয়োর দল।

শনিবার (১০ অক্টোবর) স্প্যানিশ লা লিগার অষ্টম রাউন্ডের ম্যাচে এই জয় পায় রিয়াল। আন্তর্জাতিক বিরতির আগে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। এই জয়ে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ছয় পয়েন্ট।

ম্যাচের শুরুতে গোলের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সপ্তম মিনিটে বক্সের ভেতর থেকে তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। পরে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দারুণ এক লম্বা পাস থেকে সুযোগ তৈরি হলেও ভিয়ারিয়াল গোলরক্ষক পিটার গুলাচিকে পরাস্ত করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে দুই দলই সুযোগ তৈরির চেষ্টা করে। তবে রিয়ালের আক্রমণে ধারাবাহিকতার অভাব ছিল। গোল না পাওয়ায় বিরতির সময় স্বাগতিক খেলোয়াড়দের দুয়োও শুনতে হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে আরও গতিশীল করতে পরিবর্তন আনেন মরিনিয়ো। ৫২ মিনিটে আলেকজান্ডার-আর্নল্ডের বদলে মাঠে নামেন ভিনিসিয়ুস। তার উপস্থিতিতে আক্রমণে গতি বাড়ে রিয়ালের।


অবশেষে ৬৩ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। ফেদেরিকো ভালভার্দের তৈরি করা আক্রমণ থেকে বল পেয়ে দারুণভাবে শট নেন আইভরিকোস্টের ফরোয়ার্ড দিয়োমান্দে। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান রেফারি। রিয়ালের জার্সিতে এটিই দিয়োমান্দের প্রথম গোল, আর সেটিই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রিয়াল। ভিনিসিয়ুসের একটি গোলের পর বার্নাব্যুতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কিন্তু ভিএআরে দেখা যায়, আক্রমণের আগে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনেছিলেন ব্রাজিলিয়ান তারকা। রেফারি গোলটি বাতিল করার পাশাপাশি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

গোলের আনন্দ মুহূর্তেই বদলে যায় হতাশায়। সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস এবং তার সতীর্থরা। একজন কম নিয়ে শেষ সময়ের বাকি অংশ খেলতে হয় রিয়ালকে।

সংখ্যায় পিছিয়ে পড়ার পর ভিয়ারিয়াল সমতা ফেরাতে আক্রমণের চাপ বাড়ায়। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে এগিয়ে থাকা ধরে রাখে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত দিয়োমান্দের গোলের সুবাদে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মরিনিয়োর দল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভিনিসিয়ুস  রিয়ালের জয়  লাল কার্ড  নাটকীয়তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: