তারকাদের প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ থাকে না। আলো ঝলমলে পর্দার আড়ালে অনেক তারকার দাম্পত্য জীবন অল্প কিছুদিনের মধ্যেই ইতি টানতে দেখা গেছে। আবার কেউ কেউ দীর্ঘ দুই দশকের বেশি সময় সংসার করার পরও বিচ্ছেদের পথে হেঁটেছেন। দেশের শোবিজ অঙ্গনে এমন বেশ কিছু আলোচিত বিবাহবিচ্ছেদের ঘটনা রয়েছে।
প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরে বেশ কিছুদিন ধরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগোচ্ছেন বলে নিজেই জানিয়েছেন শেহতাজ।
পরীমনি ও কামরুজ্জামান রনি : ৩ মাসের সংসার
নির্মাতা হৃদি হকের সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজের সুবাদে পরিচয় হয় পরীমনি ও কামরুজ্জামান রনির। পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৯ মার্চ মাত্র ৩ টাকা কাবিনে তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের দুই মাস যেতে না যেতেই ফাটল ধরে সম্পর্কে। তিন মাস টেকেনি তাদের সেই সংসার।
অপূর্ব ও প্রভা : ৬ মাসের ব্যবধানে বিচ্ছেদ
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০১০ সালের ১৯ আগস্ট বিয়ে করেন। তবে সেই সংসার বেশি দিন টেকেনি। পরের বছর ফেব্রুয়ারিতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ বিয়ের মাত্র ছয় মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
শাকিব খান ও অপু বিশ্বাস : প্রায় ১০ বছরের সম্পর্ক
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে সন্তানসহ তা প্রকাশ্যে আসে। তবে সম্পর্কের টানাপোড়েনে শেষ পর্যন্ত ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়।
তাহসান ও মিথিলা : ১১ বছরের সংসার
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে বিয়ে করেন। প্রায় ১১ বছর একসঙ্গে সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির ঘরে এক কন্যাসন্তান রয়েছে।
জেমস ও রথি : প্রায় এক যুগ
ব্যান্ডতারকা জেমস ও কানিজ রাবেয়া রথি (চাঁদনী) ১৯৯১ সালের ১৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ প্রায় ১২ বছর সংসার করার পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির ঘরে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।
ইমন ও বিজরী : ১৭ বছরের দাম্পত্য
সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং মডেল-অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ ১৯৯৫ সালের ১৫ জুলাই বিয়ে করেন। পারিবারিক কলহ ও বনিবনা না হওয়ার কারণে ২০১২ সালের শেষের দিকে দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন তারা।
সুবর্ণা মুস্তাফা ও হুমায়ুন ফরীদি : দুই দশকের বেশি সময়
দেশীয় শোবিজের অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি। দীর্ঘ ২২ বছর একসঙ্গে সংসার করার পর ২০০৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এস আই টুটুল ও তানিয়া আহমেদ : ২৩ বছরের সংসার
সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন। দীর্ঘ ২৩ বছর একসঙ্গে সংসার করার পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। টুটুল পরবর্তীতে জানান, তারা দীর্ঘ সময় আলাদা থাকার পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন করেছেন।
এ ছাড়াও বাপ্পা মজুমদার-চাঁদনী এবং মনির খান শিমুল-নাদিয়া আহমেদসহ শোবিজের অনেক তারকা জুটির দীর্ঘদিনের সংসারও নানা কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে।
সময়ের আলো/জোই