আজমিরীগঞ্জে দিনদুপুরে সিএনজি চালিত অটোরিকশা চালককে মারধর ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আহত চালক সুজন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মৃত মো. আতর আলী মিয়ার ছেলে। তিনি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সুজন মিয়া জানান, শায়েস্তাগঞ্জ থেকে তিনজন যাত্রী ৮০০ টাকা ভাড়ায় তাকে আজমিরীগঞ্জে নিয়ে আসেন। বিরাট গ্রামসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর ওই যাত্রীদের পরিচিত আরও দুজন সিএনজিতে ওঠেন।
কিছুদূর যাওয়ার পর শায়েস্তাগঞ্জ থেকে আসা তিন যাত্রী নেমে যান। পরে বাকি দুজনকে নিয়ে এগিয়ে যাওয়ার একপর্যায়ে তারা তাকে কোমল পানীয় ‘স্পিড’ খেতে দেন। তিনি তা পান করতে রাজি না হওয়ায় তাকে মারধর করে সিএনজির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সুজনের অভিযোগ, একপর্যায়ে তাকে সড়কে ফেলে বেধড়ক মারধর করা হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে তার হাতে আঘাত করা হয়। পরে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন। ঘটনায় জড়িতদের পরিচয় এবং ছিনিয়ে নেওয়া নগদ টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সময়ের আলো/জোই