শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা হরণ এবং ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা। এ সময় হেনস্তার শিকার সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থী-শিক্ষকের পারস্পরিক আচরণবিধি নিয়েও আলোচনা করেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অধ্যাপক সামিনা লুৎফা।
পোস্টে তিনি লেখেন, ‘ক্লাসরুমে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পিত চক্রান্ত শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে।’ কথা বলা বা ভিন্নমত প্রকাশের কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতেই ব্যক্তিগতভাবে এ প্রতিবাদ করেছেন বলে জানান তিনি।
শ্রেণিকক্ষে নিজের কার্যক্রমের বর্ণনা দিয়ে সামিনা লুৎফা লেখেন, তিনি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসের আচরণবিধি নির্ধারণ করেছেন। অনুমতি ছাড়া কী করা যাবে বা যাবে না এবং মতবিরোধ কীভাবে নিরসন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন। এরপর মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরবে বসে থাকেন।
শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘সংহতি জানাতে চাইলে রিক্লেইম করুন ক্লাসরুম!’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পড়া এক ছাত্রীকে ঘিরে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর তাকে পাঠদান থেকে অব্যাহতি দেয় বিভাগ।
পরে ১০ অক্টোবর ফেসবুক লাইভে এসে অভিযোগ অস্বীকার করেন ওই শিক্ষক। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে পদক্ষেপটিকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানায় ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। এর ধারাবাহিকতায় এবার শ্রেণিকক্ষে নীরব প্রতিবাদ জানালেন অধ্যাপক সামিনা লুৎফা।
সময়ের আলো/জেডি