বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের মোংলাস্থ চাদঁপাই রেঞ্জের বনে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল, নৌকা ও হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ ৬ জন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনের চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদী খালী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। আটককৃতরা সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ও জয়মন্নি এলাকার বাসিন্দা।
রোববার সকালে বাগেরহাট বিভাগীয় বন অফিস জানায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বনের গহিনে অনুপ্রবেশ ও হরিণ শিকারের জন্য ফাঁদ পাতার গোপন তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে তাদের ঘেরাও করে আটক করা হয়।
এ সময় শিকারিদের কাছ থেকে বিপুল পরিমাণ মালা ফাঁদ, জীব বৈচিত্র্য ধ্বংসকারী নিষিদ্ধ খাল পাটা জাল এবং ২টি কাঠের নৌকা জব্দ করা হয় বলেও জানান তিনি।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দিপন চন্দ্র জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান চালানো হচ্ছে। গ্রেফতার ৬ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইনে মামলা করা হয়েছে।
জব্দকৃত সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে আসামিদের বাগেরহাটে আদালতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা